কুষ্টিয়া সদর উপজেলায় নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার রাতে উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের শান্তিডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
রবিবার (১৯ অক্টোবর) সকালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুসা তার বসতঘরের বারান্দায় ঘুমাতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন। ভোরে পরিবারের লোকজন তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। ভ্যান চুরি করতে এসে মুসাকে হত্যা করা হয়ে থাকতে পারে স্থানীয়রা এমন ধারণা করলেও পরিবারের দাবি পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে শিখা বলেন, ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনো এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যা সঙ্গে জড়িতদের সর্বেচ্চ শাস্তির দাবি জানান।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান বলেন, 'নিহতের বুকে হাসুয়া জাতীয় ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। শুধু ভ্যান চুরির জন্য নির্মম হত্যাকাণ্ড নয়। তাহলে অপরাধীরা ভ্যানও নিয়ে যেত। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।
মিলন/মৌসুমী