জামালপুরে এক হাজার তিনশত এক বোতল বিদেশি মদ, ১টি ট্রাক ও নগদ অর্থসহ ৩ মাদক ব্যবসায়ী মিনাল মিয়া (৩২), রিয়াদ হোসেন (২৮) ও নুরুল আমিনকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক।
গ্রেপ্তাররা সবাই শেরপুরের ঝিনাইগাতী থানার বাসিন্দা।
জামালপুর র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর সদর থানার মোকছেদপুর নয়াপাড়া নন্দীর বাজার টু বকশীগঞ্জগামী পাকা রাস্তার ওপর চেক পোস্ট স্থাপন করা হয়। পরে আনুমানিক রাত সাড়ে আটটার দিকে চেকপোস্টে বিদেশি মদ বহনকৃত ট্রাকটিকে সিগন্যাল দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রাকে অবস্থানরত মাদক কারবারিরা কৌশলে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়।
উপস্থিত ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা ট্রাকে অবৈধ বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে রাখা ১ হাজর ৩শত ১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত ট্রাক, মাদক ক্রয়-বিক্রয়ের নগদ অর্থ ৯৬ হাজার ৮শত ৫ টাকা এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধার করা বিদেশি মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৭০ লাখ টাকা। গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আসমাউল আসিফ/নাঈম