ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চার বছর বয়সী শিশু মরিয়ম আক্তার হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাছাড়া শিশুটির গলায় থাকা রূপার চেইনটিও উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে একই এলাকার সাদ্দাম মিয়া (৩৫) এবং তার ছেলে ইয়াসিন মিয়াকে (১৬) আটক করে থানায় নিয়ে আসা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান, এই ঘটনায় নিহত শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াসিন মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আকাশ (১৭) নামে জড়িত এক কিশোরকে আটক এবং নিহত শিশুর গলার রূপার চেইনটি আঠারবাড়ির একটি দোকান থেকে উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, মামলায় ইয়াসিও ও আকাশকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক ইয়াসিনের বাবা সাদ্দামকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশু মরিয়ম উপজেলার সরিষা ইউনিয়নের মারুয়াখালি গ্রামের মিজানুর রহমান ও রিমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবশেষে ইফতারের আগে বাড়ির পাশে একটি মাটির চুলায় তার মরদেহ পাওয়া যায়।
প্রাথমিক তদন্তে পুলিশ ও স্থানীয়দের ধারণা, শিশুটির গলায় থাকা একটি রূপার চেইন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, চেইনটি নেওয়ার সময় শিশুটি চিৎকার করলে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ চুলার ভেতর লুকিয়ে রাখে।
স্থানীয়রা এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফয়সল আহমেদ/অমিয়/