ঢাকার সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সবুজ শেখ কারা হেফাজতে মারা গেছেন।
সোমবার (২৩ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্রাট মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে।
সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সম্রাট গতকাল ভোরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশের তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট।
তদন্তে জানা যায়, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ হত্যাকাণ্ডের ঘটনার পর সিসিটিভি ফুটেজে হত্যার শিকার এক ব্যক্তির দেহ কাধে করে বহন করার দৃশ্য ধরা পড়ে। এতে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।
পরে ২০২৬ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল।
এসব মামলায় তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া যায় বলে জানিয়েছিল পুলিশ।
অমিয়/