সিলেটে বিএনপি নেতা নাসিম হোসাইনের বিকাশ ডিস্ট্রিবিউশন পয়েন্টের প্রায় অর্ধকোটি টাকা লুট নিয়েছে দুর্বৃত্তরা। ঘটটি ছিনতাই না এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন পারাইরচক এলাকায় এ ঘটনা ঘটে।
তবে ঘটনাটি জানাজানি হয় রাতে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় অভিযোগ করা হয়েছে।
নাসিম হোসাইন একজন ব্যবসায়ী। তিনি মহানগর বিএনপির সবশেষ কাউন্সিলে নির্বাচিত সভাপতি। তবে ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি বিদেশ চলে যাওয়ায় তার পদ কেন্দ্রের নির্দেশে দায়িত্বহীন রয়েছে।
নাসিম জানান, তিনি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের বিভাগীয় ডিস্ট্রিবিউটর। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় ফেঞ্চুগঞ্জসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের কাছে বিতরণের জন্য ৫০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে করে রওয়ানা দেন। পারাইরচক এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলে আসা একদল ছিনতাইকারী তার গাড়ির গতিরোধ করে। এরপর তারা হামলা ও ভাঙচুর চালিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকাগুলো ছিনিয়ে নেয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
একটি সূত্র জানায়, সিলেট বিভাগের বিকাশ ডিস্ট্রিবিউটর ছিলেন সুনামগঞ্জ জেলা যুবলীগের এক নেতা। বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন। এ ঘটনার সঙ্গে ডিস্ট্রিবিউটরশিপ হস্তান্তর নিয়ে কোনো জটিলতা আছে কি না, এ বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
তবে এ বিষয়ে পুলিশের কাছে কোনো তথ্য মেলেনি জানিয়ে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন খবরের কাগজকে জানান, ঘটনার পর থানায় যে অভিযোগ দেওয়া হয়েছে, সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
অমিয়/