প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় চট্টগ্রামের খুলশীএলাকায় ইউএসটিসি হাসপাতালের ৫ম তলা থেকে তরুণীকে ধাক্কা দিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) রাতে ফেনীর সোনাগাজী উপজেলার বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৫ মে) বিকেলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রহমান শেখ (২১) বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাটখালী এলাকার মৃত সোহরাব শেখের ছেলে।
ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার দিবাগত রাতে ফেনী জেলার সোনাগাজী মডেল থানার বাদামতলী এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জড়িত অজ্ঞাতনামা অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জানা গেছে, ভুক্তভোগী রিয়া আক্তার রিতা (২০) চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বসবাস করতেন। তিনি নগরীর সিডিএ মার্কেটে একটি গার্মেন্টসে চাকরি করতেন। একই প্রতিষ্ঠানে চাকরির সুবাদে আসামি আব্দুর রহমানের সঙ্গে ভুক্তভোগীর পরিচয় হয়। প্রায় ৩-৪ মাস আগে মারামারির ঘটনায় আসামির চাকরি চলে যায়। চাকরি হারানোর পরও আব্দুর রহমান বিভিন্ন সময় ভু্ক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত।
গত ২৩ মে রাতে গার্মেন্টস ছুটির পর আসামি কৌশলে ভুক্তভোগীকে ফয়েজ লেক এলাকায় নিয়ে যায়। পরে গুরুত্বপূর্ণ কথা আছে বলে ইউএসটিসি মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিংয়ের উত্তর পাশে ৫ম তলার গ্রিলবিহীন সিঁড়িতে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ওই তরুণীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আসামি। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান ওই তরুণী। এ ঘটনায় ভুক্তভোগীর মা মোছাম্মৎ জমিলা বেগম খুলশী থানায় মামলা করেন।
সালমান/