খুদে বার্তা লিখন
বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। এই মুহূর্তে যোগাযোগ ব্যবস্থায় মুঠোফোন সবচেয়ে অপরিহার্য উপাদান। ব্যস্ত সময়ে প্রতি মুহূর্তেই মানুষ তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে চায়। স্বল্প সময়ে মুখ্য সংবাদটি জানাতেই খুদে বার্তা (SMS) ব্যবহৃত হয়। মুঠোফোন (Mobile) কয়েকটি শব্দ বা বাক্য ব্যবহার করে বার্তা আদান-প্রদানের কৌশলকে খুদে বার্তা বলে। খুদে বার্তা মূলত ভাব বিনিময়ের চুম্বক বিষয়টিকেই ধারণ করে। Short Message Service-এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে SMS।
এসএমএস তথ্য আদান-প্রদানের একটি জনপ্রিয় মাধ্যম। যেকোনো মুহূর্তে পৃথিবীর যেকোনো প্রান্তে বার্তা পাঠাতে হলে SMS-এর কোনো জুড়ি নেই। ব্যক্তিগত বার্তার পাশাপাশি আজকাল সামাজিক কর্মকাণ্ডে এবং ব্যবসা-বাণিজ্যের পণ্য ও সেবার প্রচারের জন্যও খুদে বার্তা ব্যবহৃত হয়। বর্তমানে সরকারের বিভিন্ন সেবামূলক সংস্থা যেমন- পানি, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধের তাগাদাতে খুদে বার্তা ব্যবহৃত হচ্ছে। এটি বর্তমান সময়ে বার্তা আদান-প্রদানের আকর্ষণীয় মাধ্যম। খুদে বার্তা আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরককে অবশ্যই নির্দেশনা মানতে হবে। যেমন- বার্তা সরল ও সংক্ষিপ্ত হতে হবে। এটি প্রাপকের সক্রিয়তার জন্য লিখিত, এটি অবশ্যই জরুরি ও জনগুরুত্বসম্পন্ন হবে। এটি ফেসবুক বা মোবাইল কোম্পানির কাঠামোকে অনুসরণ করে লিখতে হবে ইত্যাদি।
১। বিজ্ঞান মেলায় উপস্থিত হওয়ার অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখ।
প্রিয় বন্ধু
আমি এখন বিজ্ঞান মেলায়। বিভিন্ন খুদে বিজ্ঞানীর নতুন নতুন আবিষ্কার আর তাদের প্রদর্শনী তাক লাগিয়ে দিল। সুযোগ পেলে তুমিও দেখতে যেও।
- রাহাত
২। বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে খুদে বার্তা লেখ।
প্রিয় রাসেল
বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন প্রেরণার উৎস। এদিনে আমরা জীর্ণ পুরোনোকে ভুলে যাই। সবার জীবন থেকে ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’ এটাই কামনা করি।
শুভ নববর্ষ ১৪৩২।
- মনিরুল
৩। ভালো ফলাফল করার জন্য ছোট ভাইকে শুভেচ্ছা জানিয়ে একটি খুদে বার্তা লেখ।
প্রিয় আকাশ
খুব হইচই করছ নিশ্চয়ই। তুমি এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাওয়ায় আমিও খুব আনন্দিত। আশা করি পরবর্তীতে সব পরীক্ষাতেও তোমার রেজাল্টের এ ধারাবাহিকতা বজায় থাকবে। ভালো থেকো। আর খুব মজা করো।
- হাবীব
৪। শিক্ষা সফরের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি খুদে বার্তা লেখ।
প্রিয় সিজান
তিন দিনের শিক্ষা সফর শেষে বাড়ি ফিরলাম। শিক্ষক ও বন্ধু-বান্ধবীদের সঙ্গে কাটানো এই দিনগুলো আমার জীবনের সেরা দিন বলতে পারি। সিজান, তুই খুব মিস করলি।
- মিতা
৫। বন্ধুর বিয়ে, তাকে শুভেচ্ছা জানিয়ে একখানা খুদে বার্তা লেখ।
প্রিয় মজনু
তোর বিয়েতে আসতে পারলাম না বলে দুঃখিত। জরুরি একটা কাজে ব্যস্ত ছিলাম। যাই হোক, তোর বৈবাহিক জীবন সুখময় হয়ে উঠুক, এই শুভকামনা রইল। ভালো থাকিস।
-রাব্বানি
৬। তোমার জন্মদিনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে খুদে বার্তা লেখ।
প্রিয় সোহাগ
আগামী ২৭ ফেব্রুয়ারি আমার জন্মদিন। এবারের জন্মদিনের অনুষ্ঠানে শুধু বন্ধুদের নিমন্ত্রণ জানানো হচ্ছে। এদিনে তুমি আমন্ত্রিত এবং তোমাকেই প্রথম বার্তা পাঠানো হলো।
- আকরাম
লেখক : সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
কবীর