ষষ্ঠ অধ্যায় : মোলের ধারণা ও রাসায়নিক গণনা
অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে হলে আণবিক ভর প্রয়োজন হয় কেন?
উত্তর: যৌগের মোট আণবিক ভর তার স্থূল সংকেতের আণবিক ভরের সরল গুণিতক বলে স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয় করতে আণবিক ভর প্রয়োজন হয়। স্থূল সংকেতের মাধ্যমে যৌগের অণুতে বিদ্যমান পরমাণুগুলোর অনুপাত প্রকাশ পায়। পরমাণুগুলোর প্রকৃত সংখ্যা জানা যায় আণবিক সংকেত থেকে। অর্থাৎ স্থূল সংকেত CH হলে আণবিক সংকেত (CH)n। তাই যৌগের আণবিক ভর জানা থাকলেই কেবল n-এর মান নির্ণয় করে আণবিক সংকেত নির্ণয় করা যায়। এ কারণেই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত নির্ণয়ে আণবিক ভর জানা প্রয়োজন হয়।
আরো পড়ুন : মোলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের ৩টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, এসএসসি পরীক্ষার রসায়ন
প্রশ্ন: লিমিটিং বিক্রিয়কের সাহায্যে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কীভাবে?
উত্তর: বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।
রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে, বিক্রিয়ক মেপে সরবরাহ করার সময় সব বিক্রিয়ককে প্রয়োজন অনুসারে সরবরাহ করা সম্ভব হয় না। কিছু বিক্রিয়ক আগেই শেষ হয়ে যায়, কিছু অবশিষ্ট থেকে যায়। আমরা জানি, বিক্রিয়ার সময় একাধিক বিক্রিয়কের মধ্যে যে বিক্রিয়ক অবশিষ্ট থাকে না তাকে লিমিটিং বিক্রিয়ক বলে। কাজেই, বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করার সময় লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করা হয়।
প্রশ্ন: আণবিক সংকেতের তাৎপর্য লেখ।
উত্তর: কোনো যৌগের আণবিক সংকেত থেকে একটি মৌলের নির্দিষ্ট সংখ্যক পরমাণু অপর মৌলের কতটি পরমাণুর সঙ্গে যুক্ত হয় তা জানা যায়। কার্বনের একটি পরমাণু অক্সিজেনের দুটি পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে CO2 অণু গঠিত হয়। এক মোল কার্বন পরমাণু দুই মোল অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে এক মোল CO2 অণু গঠন করে। কোনো পদার্থে যুক্ত মৌলের ভর থেকে মোলসংখ্যা হিসাব করে আণবিক সংকেত নির্ণয় করা যায়।
লেখক : সিনিয়র শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা
কবীর