জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। স্বামী, সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততার কারণে বেশ কিছু দিন মিডিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি। অবশেষে আবারও কাজে ফিরেছেন একসময়ের জনপ্রিয় এই মডেল অভিনেত্রী। বিরতি ভেঙেছিলেন নাটকে কাজের মাধ্যমে। এরপর বিভিন্ন টেলিভিশনে নৃত্যানুষ্ঠান এবং স্টেজ শোতেও নিয়মিত দেখা গেছে এই মডেল অভিনেত্রীকে।
সে সময় শখ বলেছিলেন, ‘আমার মেয়ে হওয়ার কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলাম। মেয়ে কিছুটা বড় হওয়ার পর আবারও কাজে ফিরেছি। তবে মেয়ের কারণে টানা কাজ করতে পারি না। যখন ভালো গল্প পাই, তখন আম্মু আর আমার হাজব্যান্ডের সহযোগিতায় কাজ করি।’
এবার শখ আসছেন বড় পরিসরে। ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্ম নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন এই তারকা অভিনেত্রী। ওয়েব ফিল্মের নাম ‘ত্রিভুজ’। দাম্পত্য জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। আলোক হাসানের পরিচালনায় আগামী ১০ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটিতে। গত শুক্রবার এর টিজার প্রকাশিত হয়েছে। এর পরই শুক্তির তথ্য নিশ্চিত করেছে দীপ্ত প্লে কর্তৃপক্ষ।
টিজারে দেখা গেছে, সমাজের তিন স্তরের তিন দম্পতির গল্প দিয়ে সাজানো হয়েছে ত্রিভুজ। এতে তিনটি দম্পতির চরিত্রে অভিনয় করেছেন আনিকা কবির শখ, শাহরিয়ার নাজিম জয়, ফারিন খান, ইমতিয়াজ বর্ষণ, সোহেল মণ্ডল ও মৌসুমী মৌ। তাদের সঙ্গে আছেন আরও অনেকে।
এই ওয়েব ফিল্মের মাধ্যমেই ওটিটিতে অভিষেক হচ্ছে শখের। ওটিটিতে ক্যারিয়ার শুরু করায় বেশ আনন্দিত এই অভিনেত্রী। প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করা প্রসঙ্গে শখ বলেন, ‘ওটিটিতে অবশেষে আসছে আমার কাজ। এ জন্য ভালো লাগছে। অপেক্ষা করছি দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য। আমার বিশ্বাস অন্য মাধ্যমগুলোতে কাজের মতো এখানেও দর্শকদের ভালোবাসা পাব। কারণ দর্শকরা সব সময় আমার পাশে ছিলেন আমার বিশ্বাস এবারও তারা আমাকে নিরাস করবেন না।’
নির্মাতা আলোক হাসান গণমাধ্যমকে জানান, ত্রিভুজ ছবিটি নির্মিত হয়েছে সামাজিক ড্রামা বেজইড গল্পে, যেখানে সমাজের তিন স্তরের মানুষের চাওয়া পাওয়ার গল্প দেখা যাবে।
সাজু মুনতাসিরের প্রযোজনায় ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেডের ব্যানারে নির্মিত হয়েছে এই ওয়েব ফিল্ম। এর চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।
উল্লেখ্য, শখ ওটিটি প্ল্যাটফর্মে প্রথম কাজ করলেও এখন পর্যন্ত তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। একটি প্রয়াত এমবি মানিকের পরিচালনায় শাকিব খানের বিপরীতে ‘বলো না তুমি আমার’, অন্যটি হচ্ছে সানিয়াত হোসেনের ‘অল্প অল্প প্রেমের গল্প’।
জাহ্নবী