বলিউডের এ প্রজন্মের তরুণ অভিনেত্রীদের মধ্যে তারা সুতরিয়া অন্যতম। শিশু অভিনেত্রী হিসেবে বলিপাড়ায় কাজ শুরু করেছিলেন তিনি। ২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। এই সিনেমায় টাইগার শ্রফের সঙ্গে অভিনয় করে আলোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে ‘এক ভিলেন রিটার্নস ২’ ও ‘তাড়াপ’ এর মতো সিনেমায়ও কাজ করেছেন এই নায়িকা।
এবার নতুন বছরে নিজের অদ্ভুত এক ইচ্ছের কথা জানালেন তারা সুতরিয়া। সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানান, মিউজিক্যাল সিনেমায় কাজ করতে আগ্রহী তিনি। তারা সুতরিয়া বলেন, ‘নতুন বছরে ভালো ভালো কিছু কাজ করতে চাই। সুযোগ পেলে পুরোপুরি একটা মিউজিক্যাল সিনেমায় কাজ করতে চাই। এটা আমার ভীষণ ইচ্ছে।’
সম্প্রতি বোম্বে টাইমস ফ্যাশন উইকে অসাধারণ একটি শো স্টপার হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। সেখানে নিজের ফ্যাশন নিয়ে পছন্দের কথাও শেয়ার করেন এই অভিনেত্রী।
ফ্যাশন এবং স্টাইল কীভাবে ব্যক্তি থেকে ব্যক্তিতে আলাদা হয় এ সম্পর্কে এই অভিনেত্রী বলেন, ‘আমার মতে মিনিমালিজম কখনোই স্টাইলের বাইরে হতে পারে না। এমনকি এটি আমরা নিয়মিত আমাদের পোশাকের ক্ষেত্রেও অনুসরণ করে থাকি। যখন ফ্যাশন শোগুলোর জন্য হাঁটার কথা আসে, তখন আমি মিনিমালিজম এবং ম্যাক্সিমালিজম উভয়ই পছন্দ করি, কারণ এটি গোটা মৌসুমের সংগ্রহ এবং শৈলীর ওপর নির্ভর করে।’
হাসান