নন্দিত অভিনেতা জাহিদ হাসান। একক নাটকের পাশাপাশি ধারাবাহিক নাটকেও নিয়মিত কাজ করেন তিনি। আজ পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে জাহিদ হাসানের নতুন ধারাবাহিক ‘ভাল্লাগেনা’। হানিফ খানের পরিচালনায় নাটকটি রচনা করেছেন জাকির হোসেন উজ্জল। এতে জাহিদ হাসান ছাড়াও অভিনয় করেছেন স্বর্ণলতা দেবনাথ, ডা. এজাজ, সাদিয়া তানভীন, সৈয়দা নওশিন দিশাতন্ময় সোহেল, আমিন আজাদ, তারিক স্বপন, তাবাসসুম মিথিলা, কামরুন্নাহার রুমা, শেখ চাঁদনী, মোমিন বাবু প্রমুখ।
নাটকের গল্প সম্পর্কে জাহিদ হাসান বলেন, ‘‘বিয়ে এক সামাজিক চুক্তি, যা দ্বারা একটি পরিবারের সৃষ্টি হয়। আর সেখানে তৈরি হয় প্রেম, ভালোবাসা, মায়া-মমতা, স্নেহভরা সংসার। তবে একই ছাদের নিচে থাকতে গেলে অনেক সময়ই স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়, হয় ঝগড়া-বিবাদও। কখনো সেই বিবাদ গিয়ে পৌঁছায় চূড়ান্ত বিচ্ছেদে। হতাশা নেমে আসে জীবনে। আর এসব থেকেই কারও কারও বিয়ের প্রতি ভয় এবং অনীহা চলে আসে। তারা মনে করে বিয়ে মানেই একটি সম্পর্কে আবদ্ধ হয়ে যাওয়া। এই বিয়ে-ভীতি বা অনীহা এক ধরনের মানসিক রোগ। এমন কিছু মানুষের মনস্তাত্ত্বিক বিষয় নিয়েই নাটক ‘ভাল্লাগেনা’।’’
গল্পে দেখা যাবে- বরযাত্রী নিয়ে রওনা দেবে পুলক। পুলকের বিয়ে নিয়ে সবাই খুব এক্সাইটেড। একজন আরেকজনকে তাড়া দিচ্ছে। ব্যান্ডপার্টির সঙ্গে নাচানাচি করছে মহল্লার যুবকরা। এমন সময় একজন ছুটে এসে জানায়- এই বিয়ে হবে না। বিয়ের পাত্রী নাকি পালিয়ে গেছে। বিয়েবাড়ির সব মানুষ যেন আকাশ থেকে পড়ে। পুলকের বিয়ে ভাঙার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও সাতবার বিয়ে ভেঙেছে। বিয়ে ভাঙতে ভাঙতে সবাই তার বিয়ের আশা ছেড়েই দিয়েছে। পুলকের বোন অনেক কষ্ট করে এই বিয়েটা ঠিক করেছিল। পাত্রীপক্ষ, এমনকি পাত্রী নিজেও পুলককে পছন্দ করেছে। সপ্তমবারের মতো এই বিয়ে ভাঙার ঘটনায় পুরো বাড়ির সবার মন ভেঙে যায়, কিন্তু কেবল একজনই খুশি। আর সে হচ্ছে পুলক নিজে। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনি।
বৈশাখী টিভিতে আজ নাটকটি রাত ৮টা ৪০ মিনিটে প্রচার শুরু হবে। এ ছাড়া সপ্তাহে তিন দিন শনি, রবি ও সোমবার একই সময় প্রচার হবে।
হাসান


.jpg)