টেলিভিশন নাট্য পরিচালকদের বড় সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচন চলছে । নাট্য পরিচালকদের এ সংগঠনের ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে বরাবরের মত এবারও অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও নাট্য পরিচালক শহীদুজ্জামান সেলিম এবং অন্য প্যানেলে সভাপতি প্রার্থী অভিনেতা ও পরিচালক সালাহউদ্দিন লাভলু।
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলার কথা রয়েছে। ভোট গ্রহণ শুরুর পর মাঝে থাকবে এক ঘণ্টার বিরতি।
অভিনেতা ও নির্মাতা শহীদুজ্জামান সেলিম বলেন, ‘সব সময় নির্মাতাদের ভালোবাসা, সমর্থন পেয়ে আসছি। আশা করছি, এবারও ভোটারদের সমর্থন পেয়ে সভাপতি পদে বিজয়ী হব। প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নির্বাচিত হলে নির্মাতাদের স্বার্থ সংরক্ষণে দায়িত্ব সুচারুরূপে পালন করার ইচ্ছা রয়েছে।’
সালাহউদ্দিন লাভলু বলেন, এবারের নির্বাচন সবচেয়ে উৎসবমুখর হবে। আমরা চাই সব ভোটারই এবার উপস্থিত থাকুক। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করুক। এবারও সে রকমই হবে আশা করছি। বাকিটা দেখা যাক কী হয়।’
নির্বাচন নিয়ে সাধারণ নির্মাতাদের আগ্রহ অনেক। নির্মাতা জুয়েল মাহমুদ বলেন, ‘আমাদের শিল্প, সংস্কৃতি বোঝেন এমন একজন মানুষ চাই। আশা করছি, ভোটাররা তাদের যোগ্য প্রার্থী বেছে নেবেন।’ নির্মাতা কায়সার আহমেদও একই আশা ব্যক্ত করেছেন।
নির্বাচনে মোট ভোটারসংখ্যা ৫০১। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নাট্যব্যক্তিত্ব নরেশ ভূঁইয়া। তার সঙ্গে নাট্যকার মাসুম রেজা ও চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ খোকন দায়িত্ব পালন করবেন।
কলি


.jpg)