ছোটপর্দার প্রিয় মুখ আনিকা কবির শখ। তিনি একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। এবারের ঈদে তাকে শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে অভিনয়ে দেখা যাবে।
দুটি নাটকেরই শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দুটি নাটকের গল্পের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শখ। এই দুটি নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি ভিন্ন ধরনের নাচের অনুষ্ঠানেও পারফর্ম করতে দেখা যাবে। এ দুটি অনুষ্ঠানেরও রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানান শখ।
এ প্রসঙ্গে শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো একদম সমসাময়িক গল্প। যে কারণে অভিনয় করতে ভীষণ ভালো লাগে। আসছে ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি দুটি নাটকেরই গল্প সুন্দর এবং ট্রেন্ডি। যে কারণে অভিনয় করতেও ভীষণ ভালো লেগেছে। আমি খুব আশাবাদী দুটি নাটক নিয়েই। ধন্যবাদ নবী ভাইকে, আমাকে সুন্দর দুটি গল্পে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।’
তিনি আরও বলেন, ‘বিটিভির জন্য যে নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি, তা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমি নাচেরই মেয়ে; নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমার বেশি ভালো লাগে। দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে আমার দুটো নাটকই দেখার জন্য এবং নাচের অনুষ্ঠানও উপভোগ করার জন্য। ধন্যবাদ বিটিভি কর্তৃপক্ষকে দুটি সুন্দর অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করার সুযোগ দেওয়ার জন্য।’
এদিকে কিছুদিন আগে শখকে আবুল হায়াত, দিলারা জামান ও ইমনের সঙ্গে একটি নতুন বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা গেছে। এটি নির্মাণ করেছিলেন সায়মন তারিক। শখ জানান, ঈদের পরপরই তিনি একটি কসমেটিকসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করবেন। এটি নির্মাণ করবেন ভারতীয় একজন পরিচালক।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে ২০০২ সালে ‘স্বাক্ষর’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের দুনিয়ায় শখের যাত্রা শুরু। বহু নাটকে অভিনয় করেছেন শখ। তবে দুটি সিনেমায় অভিনয়েও দেখা গেছে তাকে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রয়াত এমবি মানিকের পরিচালনায় ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয় করেছিলেন শখ।
পরবর্তী সময়ে নাট্যাঙ্গনের অন্যতম শীর্ষ অভিনেতা নিলয় আলমগীরের বিপরীতে সানিয়াত হোসেনের পরিচালনায় ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমায় অভিনয় করে শখ ভীষণ প্রশংসিত হন। গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামের সন্তান রহমান জনকে ২০২০ সালের ১২ মে বিয়ে করেন শখ। শখ ও জনের ঘরে আলিফ নামে এক কন্যাসন্তান রয়েছে।
/শাকিল


.jpg)