ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো রুপালি পর্দায় তার প্রথম দুই সিনেমা দিয়েও আলো ছড়িয়েছেন। ২০২৩ সালে ‘সুড়ঙ্গ’ এবং ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমা দিয়ে ঢালিউডে বাজিমাত করেছেন নিশো। এবার ছোটপর্দায় ফিরতে যাচ্ছেন এ অভিনেতা। মাঝে কিছুদিন বিরতির পর ওয়েব সিরিজ ‘আকা’ দিয়ে ফের ওটিটি প্লাটফর্মে ফিরছেন তিনি।
এটি নির্মাণ করছেন ‘পুনর্জন্ম’খ্যাত পরিচালক ভিকি জাহেদ। সিরিজটিতে জুটি হিসেবে নিশোর সঙ্গে অভিনেত্রী ও জনপ্রিয় উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলাকে দেখা যাবে। প্রাথমিকভাবে এটির নাম ‘আকা’ রাখা হলেও সূত্রের বরাতে জানা গেছে, এর নাম পরবর্তীতে পরিবর্তন করে ‘আজাদ’ ও রাখা হতে পারে। ইতোমধ্যে ওয়েব সিরিজটির বেশিরভাগ অংশের শুটিংও সম্পন্ন হয়েছে। এর প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে ‘পুনর্জন্ম’ নাটকের মধ্য দিয়ে ছোটপর্দায় সেড়ে ফেলে দিয়েছিলেন নিশো-ভিকি জুটি। ‘আকা’র মাধ্যমে আবারও পর্দায় ফিরতে যাচ্ছেন তারা। এই ওয়েব সিরিজটির গল্পও একই প্যাটার্নের বলে শোনা গেলেও এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সিরিজটিতে প্রথমে নিশোর বিপরীতে তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ের কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত তটিনী এই ওয়েব সিরিজে অভিনয় করছেন না। সেই জায়গায় যুক্ত হওয়া নাবিলা ইতোমধ্যে শুটিংয়েও অংশ নিয়েছেন বলে জানা গেছে।
সবশেষ এ অভিনেত্রীকে শাকিব খানের ব্লকবাস্টার সিনেমা ‘তুফান’-এ দেখা গিয়েছিল। আর নিশো অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ ছিল ‘সাড়ে ষোলো’। যদিও হইচইয়ে মুক্তি পাওয়া সেই সিরিজটিতে তেমন সাড়া ফেলতে পারেননি এ অভিনেতা তবে ‘আকা’ নিয়ে ইতোমধ্যে প্রত্যাশার পারদ বাড়তে শুরু করেছে দর্শকদের মনে।
/শাকিল


.jpg)