হলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাদত। ইতোমধ্যে ডোয়াইন জনসন, আর্মি হ্যামার, লেটিশিয়া রাইটসহ অনেক নামী-দামী তারকার সঙ্গে কাজ করেছেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত এ তারকা। কিন্তু চলতি বছর মুক্তি পাওয়া অভিনেত্রীর ‘স্নো হোয়াইট’ সিনেমাটি হতাশ করেছে সবাইকে। ছবিটি নিয়ে ভক্ত-অনুরাগীদের অনেক আশা থাকলেও বক্স অফিসে এটি মুখ থুবড়ে পড়ে। ফলে ‘স্নো হোয়াইট’ গ্যাল গ্যাদতের ক্যারিয়ারে একটি ফ্লপ সিনেমা হিসেবে যুক্ত হয়েছে।
এ অভিনেত্রী সম্প্রতি নিজের ক্যারিয়ার ও সাম্প্রতিক ব্যর্থতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। এছাড়া সহশিল্পীদের সঙ্গে তার বাজে সম্পর্ক নিয়ে যে গুঞ্জন আছে, সেটাও পরিস্কার করেছেন। ইসরায়েলি টক শো ‘দ্য এ টকস’-এ দেওয়া এক সাক্ষাৎকারে গ্যাদত জানান, ২০২৩ সালের ৭ অক্টোবর নোভা মিউজিক ফেস্টিভ্যালে সংঘটিত হামলা এবং এর পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি ‘স্নো হোয়াইট’-এর বাণিজ্যিক সাফল্যে প্রভাব ফেলেছে।
তিনি জানান যে, ইসরায়েলে ঘটে যাওয়া সবকিছুর সত্যতা প্রকাশ করতে চাইলেও, মানুষের মতামত ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। “আমি সবসময় চেষ্টা করি ইসরায়েলের বাস্তবতা তুলে ধরতে। কিন্তু শেষ পর্যন্ত মানুষ নিজস্ব মতামত তৈরি করে,’’ গ্যাদত বলেন।
শুধু তাই নয়, ‘ওয়ান্ডার ওম্যান’ অভিনেত্রী আরও জানান যে, সেই সময় অনেক তারকা এবং সব ধরনের জনপ্রিয় ব্যক্তিত্ব ইসরায়েলের বিরুদ্ধে পোস্ট করবেন বলে প্রত্যাশিতই ছিল, যা চলচ্চিত্রটির সামগ্রিক পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলে।
এছাড়া, ‘স্নো হোয়াইট’ সিনেমায় গ্যাল গ্যাদতের সহশিল্পী র্যাচেল জেগলারের সঙ্গে মতবিরোধের গুজব নিয়েও কথা বলেন এ অভিনেত্রী। গ্যাদত জানান, শুটিং চলাকালে তাদের সম্পর্ক ছিল একেবারেই স্বাভাবিক এবং আনন্দময়। তিনি বলেন, “র্যাচেলের সঙ্গে কাজ করতে খুব ভালো লেগেছে। আমরা হাসতাম, গল্প করতাম, মজা করতাম। আমি নিশ্চিত ছিলাম যে, ছবিটি বিশাল হিট হতে চলেছে।’’
/এমএস


.jpg)