জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব তিনি। এ মাধ্যমে নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন এ অভিনেত্রী। এবার ভক্তদের শাড়ি উপহার দেবেন বলে জানালেন তিনি। তবে মেহজাবীনের কাছে শাড়ি জিতে নিতে হলে মানতে হবে একটি শর্ত।
এক পোস্টের মাধ্যমে এমনটিই জানান এই অভিনেত্রী।
‘ফ্যান গিভ অ্যাওয়ে’ উল্লেখ করে সেই পোস্টে একটি কালো রঙের শাড়ি পরা ছবি দিয়ে তিনি লেখেন, ‘আমার সাম্প্রতিক ছবির শাড়িটা আপনাদের এত পছন্দ হয়েছে যে ভাবলাম, সেটাই একজন ফ্যানকে উপহার দিই।’
পোস্টে অংশগ্রহণের নিয়মে এই অভিনেত্রী জানান, কমেন্টে ট্যাগ করুন আপনার প্রিয়জনকে (মা, বোন, কাজিন, বন্ধু—যে কেউ হতে পারে)। লিখুন একটা কারণ কেন আমি এই শাড়িটা তাকে উপহার দেব। এই ছবিটা আপনার টাইমলাইনে শেয়ার করুন। আমার পাশে থাকার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।
আজ দুপুর ৩টা পর্যন্ত সময়সীমাও বেঁধে দিয়েছেন মেহজাবীন। এর মধ্যে সেই নিয়ম যারা মেনেছেন তাদের মধ্য থেকে কাউকে চূড়ান্ত করে তাকে সেই শাড়িটি উপহার দেবেন বলে জানান তিনি।
এর কিছুক্ষণ পরেই দেখা গেছে অক্ষর খেলায় মেতেছেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে একটি মজার পোস্ট শেয়ার করে ভক্তদের মধ্যে উৎসব উদযাপন করেছেন তিনি।
পোস্টে মেহজাবীন লেখেন, ‘কমেন্টে প্রিয়জনের নামের প্রথম অক্ষর বলে দাও! আমি চেষ্টা করব তার নামটি অনুমান করতে! তাহলে খেলাটা শুরু করা যাক।’


.jpg)