তোতলামি (Stuttering) হলো এক ধরনের কথা বলার সমস্যা, যেখানে কথা বলার সময় মুখ, জিভ, গলা ও শ্বাস-প্রশ্বাসের পেশি হঠাৎ কেঁপে ওঠে বা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে স্বাভাবিকভাবে কথা বলার গতি ও ছন্দ নষ্ট হয়। কথার মাঝে অপ্রত্যাশিত থেমে যাওয়া, শব্দ টেনে বলা বা একই শব্দ বারবার বলার মতো সমস্যা দেখা দেয়। সাধারণত এটি শিশুদের মধ্যে বেশি দেখা গেলেও যেকোনো বয়সেই হতে পারে। সুখবর হলো, তোতলামি চিকিৎসাযোগ্য এবং বেশির ভাগ মানুষ সময়ের সঙ্গে সেরে ওঠে।
তোতলামি কী?
তোতলামি একটি স্পিচ ডিসঅর্ডার, যা কথা বলার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। এতে কথা বলার সময় অজান্তেই থেমে যাওয়া, অপ্রয়োজনীয় শব্দ বের হওয়া বা মসৃণভাবে কথা বলতে অসুবিধা হয়। তোতলামির কয়েকটি ধরন আছে—
বিকাশজনিত তোতলামি: শৈশবে শুরু হয়। মস্তিষ্কের বিকাশ স্বাভাবিকের চেয়ে ভিন্নভাবে হওয়ায় এটি দেখা দেয়।
স্থায়ী তোতলামি: শৈশবে শুরু হয়ে প্রাপ্তবয়স্ক বয়স পর্যন্ত থেকে যায়।
অর্জিত তোতলামি: মাথায় আঘাত, স্ট্রোক বা মস্তিষ্কজনিত রোগের কারণে হঠাৎ শুরু হতে পারে।
কাদের বেশি হয়?
যে কারও তোতলামি হতে পারে, তবে মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে প্রায় চার গুণ বেশি দেখা যায়। বিকাশজনিত তোতলামি সাধারণত ২ থেকে ৭ বছরের মধ্যে শুরু হয়, গড় বয়স প্রায় ৩ বছর। প্রায় ৯৫ শতাংশ শিশুর ক্ষেত্রে এটি ৪ বছরের আগেই শুরু হয়।
লক্ষণ কী কী?
তোতলামির কয়েকটি সাধারণ লক্ষণ হলো—
শব্দ বা অক্ষর বারবার বলা (যেমন- ‘বা-বা-বাংলা’)
কোনো শব্দ টেনে বলা
শব্দের মাঝখানে অপ্রয়োজনীয় বিরতি
কথা বলতে গিয়ে বারবার আটকে যাওয়া
তোতলামি এড়াতে শব্দ বদলে ফেলা
শব্দে অতিরিক্ত জোর দেওয়া
এক অক্ষরের শব্দ বারবার বলা (যেমন- ‘আমি’, ‘ও’)
এ ছাড়া কথা বলার সময় চোখের পাতা অস্বাভাবিকভাবে নড়াচড়া, মুখ কুঁচকে যাওয়া, মুঠো শক্ত করে ধরা ইত্যাদিও দেখা যেতে পারে। ক্লান্তি, দুশ্চিন্তা, ভয় বা উত্তেজনায় লক্ষণ বাড়ে; বিশ্রামে কমে। গান গাওয়া বা জোরে পড়ার সময় সাধারণত তোতলামি হয় না।
কেন হয়?
তোতলামির সুনির্দিষ্ট কারণ এখনো পুরোপুরি জানা যায়নি। তবে পারিবারিক ইতিহাস, জিনগত প্রভাব এবং মস্তিষ্কের কিছু অংশের গঠনগত পার্থক্য এর সঙ্গে জড়িত বলে মনে করা হয়।
কীভাবে নির্ণয় হয়?
ডাক্তার বা স্পিচ থেরাপিস্ট কথা শোনার মাধ্যমেই সাধারণত তোতলামি শনাক্ত করেন। শৈশবের তোতলামিতে আলাদা পরীক্ষা লাগে না। তবে প্রাপ্তবয়স্ক কারও হঠাৎ শুরু হলে সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরীক্ষা প্রয়োজন হতে পারে।
চিকিৎসা ও ভবিষ্যৎ
স্পিচ থেরাপি তোতলামির প্রধান চিকিৎসা। শিশুদের ক্ষেত্রে নিয়মিত অনুশীলনে অনেক সময় এটি পুরোপুরি সেরে যায়। ওষুধ সাধারণত সরাসরি তোতলামির জন্য নয়, তবে দুশ্চিন্তা বা বিষণ্নতা থাকলে সেগুলোর চিকিৎসায় ব্যবহার হতে পারে।
পরিসংখ্যান বলছে, প্রায় ৯০ শতাংশ শিশু ১৮ বছরের আগেই নিজে নিজে সেরে ওঠে। স্থায়ী তোতলামি বিরল হলেও সঠিক থেরাপিতে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আর অর্জিত তোতলামির ভবিষ্যৎ নির্ভর করে এর কারণের ওপর।



