ফিলিস্তিনের যুদ্ধকবলিত গাজার বাসিন্দাদের মিসর ও জর্ডানের আশ্রয় দেওয়া উচিত বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আহ্বান জানিয়েছিলেন, তা প্রত্যাখ্যান করেছে দেশ দুটি। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসও ট্রাম্পের আহ্বানকে প্রত্যাখ্যান করেছে।
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে হাজারও মানুষের প্রাণহানি ও চরম মানবিক সংকটে থাকা গাজার জন্য এটা সাময়িক নাকি স্থায়ী সমাধান, ট্রাম্পের কাছে এটা জানতে চাওয়া হয়েছিল।
জবাবে ট্রাম্প বলেন, ‘হতে পারে।’
জর্ডান এরই মধ্যে প্রায় ২৪ লাখ ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে, যারা ১৯৪৮ সালে ইসরায়েলি দখলদারত্ব শুরুর পর থেকে বিভিন্ন সময়ে বাস্তুচ্যুত হয়ে জর্ডানে আশ্রয় নিয়েছেন। মিসরেও হাজারো ফিলিস্তিনি শরণার্থী বাস করেন।
মিসর, জর্ডান ও অন্যান্য আরব দেশ গাজার ফিলিস্তিনিদের তাদের দেশে সরিয়ে নেওয়ার ট্রাম্পের প্রস্তাব খারিজ করে দিয়েছে। গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিরা ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হিসেবে থাকতে চাইছেন।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মটরিচ দীর্ঘদিন ধরে ইহুদি বসতি স্থাপনাকারীদের গাজায় যাওয়ার আহ্বান জানিয়ে আসছেন। তিনি ট্রাম্পের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘এটা দারুণ একটা ধারণা।’ এ উদ্যোগ বাস্তবায়নে তিনি পরিকল্পনা করবেন বলেও জানান। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবর বেজালেলের এমন উদ্যোগের বিরোধিতা করেছেন। সূত্র: বিবিসি, আল-জাজিরা, রয়টার্স