টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মকর্তা-কর্মচারীদের আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, তার পাঠানো ই-মেইলে তারা তাদের চাকরির যৌক্তিকতা ব্যাখ্যা করার জন্য ‘দ্বিতীয় সুযোগ’ পাবেন। অন্যথায় তাদের বরখাস্তের ঝুঁকি থাকবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার দেওয়া মাস্কের এমন হুঁশিয়ারি যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দপ্তরে নতুন করে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
মাস্কের এই হুঁশিয়ারি এমন সময়ে এসেছে, যখন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ফেডারেল কর্মচারীদের জানিয়েছিলেন যে, তাদের জন্য মাস্কের ই-মেইলের জবাব দেওয়া বাধ্যতামূলক নয়।
গত শনিবার দেওয়া ওই ই-মেইলে মাস্ক তাদের কাছে গত সপ্তাহের কর্মপরিকল্পনা ও কাজের সংক্ষিপ্ত সার চেয়েছিলেন।
সরকারি কর্মকর্তাদের এভাবে মেইল করার তীব্র নিন্দা জানায় ফেডারেল কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব গভর্নমেন্ট এমপ্লয়িজ।
পাশাপাশি ফেডারেল কর্মকর্তাদের বেআইনিভাবে বরখাস্তের বিরুদ্ধে আইনি লড়াই চালানোর প্রতিশ্রুতি দেয় সংস্থাটি।
রয়টার্স জানায়, কিছু ফেডারেল সংস্থা, যেমন অর্থ বিভাগ তাদের কর্মচারীদের মাস্কের অনুরোধ মেনে চলতে বললেও, পেন্টাগনের মতো কিছু সংস্থা তা করেনি।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ফেডারেল সরকারের ব্যয় কমানোর নেতৃত্ব দিচ্ছেন ইলন মাস্ক। তবে দেখা যাচ্ছে, তিনি তার কঠোর অবস্থান থেকে সরে আসেননি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, ‘প্রেসিডেন্টের নির্দেশনা অনুসারে, তাদের আরেকটি সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বার উত্তর না দিলে বরখাস্ত করা হবে।’
এমন পরিস্থিতিতে হোয়াইট হাউস এখনো মাস্কের মন্তব্যের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
মাস্কের কার্যক্রমের বৈধতা নিয়ে বিচারকের প্রশ্ন
ট্রাম্পপ্রশাসন যে পন্থায় ইলন মাস্কের নেতৃত্বে ‘ডিপার্টমেন্ট অব ইফিসিয়েন্সি (ডিওজিই)’ গঠন ও পরিচালনা করছে, তা সংবিধান লঙ্ঘন করে থাকতে পারে বলে ওয়াশিংটনের ফেডারেল বিচারক কলিন কলার-কোটলে মন্তব্য করেছেন।
গত সোমবার দেওয়া এক আদেশে এ সন্দেহ প্রকাশ করেন বিচারক কলিন। যদিও তার এমন সন্দেহ প্রকাশের বিষয়টি বাধ্যতামূলক মানা কোনো আদেশের অংশ নয়। তবে বিচারকের এ মন্তব্যে মাস্কের বিভাগ সমস্যার সম্মুখীন হতে পারে, এমন ইঙ্গিত পাওয়া যায়। তার এ বিভাগ ‘ইউএস ডিওজিই সার্ভিস’ নামেও পরিচিত।
বিচারক সুনির্দিষ্টভাবে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন যে, মাস্কের এই বিভাগ সংবিধানের নিয়োগসংক্রান্ত ধারা লঙ্ঘন করেছে। কেননা, ফেডারেল সংস্থার প্রধানদের প্রেসিডেন্টের মনোনয়ন ও তাদের নিয়োগ সিনেটের অনুমোদন পেতে হয়। মাস্ক না মনোনয়ন পেয়েছেন, না সিনেটের অনুমোদন।
যুক্তরাষ্ট্রের দুটি শ্রমিক ইউনিয়ন এবং লাখ লাখ অবসরপ্রাপ্ত কর্মীর প্রতিনিধিত্বকারী একটি গ্রুপের করা এক মামলার শুনানিতে বিচারক কলিন মাস্কের বিভাগের কার্যক্রম নিয়ে এ কথা বলেন। সূত্র: রয়টার্স, পলিটিকো