দখলদার ইসরায়েলি সেনারা সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গভীরে অনুপ্রবেশ করেছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএফপি জানিয়েছে, ইসরায়েলি সৈন্যদের একটি দল তাদের ভারী অস্ত্রশস্ত্র ও বিভিন্ন সামরিক সরঞ্জাম নিয়ে দক্ষিণ-পশ্চিম সিরিয়ার কুনেইত্রা প্রদেশের মাশারা শহরে অবস্থান নিয়েছে।
হেলিকপ্টার, ড্রোনসহ এই এলাকায় প্রবেশ করে ইসরায়েলি সেনারা মাশারা এবং আল-তাইহা শহরের মধ্যবর্তী সংযোগ সড়কটি বিচ্ছিন্ন করে দিয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, দখলদার বাহিনী দারা ও কুনেইত্রা প্রদেশের সীমান্তবর্তী তাল আল-মাল এলাকায়ও পৌঁছে গেছে।
বাশার আল-আসাদ সরকারের পতনের পর এটিই সিরিয়ার ভূখণ্ডের অনেক গভীরে ইসরায়েলি সৈন্যদের অনুপ্রবেশের ঘটনা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি সেনাবাহিনী দখলকৃত গোলান উপত্যকা এবং সিরিয়ার মূল ভূখণ্ডের মধ্যবর্তী বাফার লাইন অতিক্রম করেছে এবং দারা ও কুনেইত্রা প্রদেশের গোলান উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলো দখল করে রেখেছে।
দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত সামরিক তৎপরতা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রীর উগ্র ও আক্রমণাত্মক বক্তব্যের কথা উল্লেখ করে বিশ্লেষকরা এ পদক্ষেপকে এই অঞ্চলে বেনিয়ামিন নেতানিয়াহুর ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা বলে মনে করছেন। সূত্র: এএফপি