আন্তর্জাতিক অপরাধ আদালতের(আইসিসি)পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার(১১ মার্চ)হংকং থেকে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর দুতার্তেকে পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছে ফিলিপাইন সরকার। এর আগে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের মাধ্যমে আইসিসির পক্ষ থেকে তাকে গ্রেপ্তার করার অনুরোধ পেয়েছে ফিলিপাইন সরকার।
মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা ।
সংবাদমাধ্যমটি বলছে, ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে মঙ্গলবার ম্যানিলা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত মাদকবিরোধী যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয় এবং এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।
এদিকে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক বিবৃতিতে জানায়, দুতার্তের গ্রেপ্তারকে 'ফিলিপাইনে জবাবদিহিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে ভুক্তভোগী এবং তাদের পরিবারের বিচার পাবার অধিকার নিশ্চিত হবে। তাছাড়া এর মাধ্যমে সবাই স্পষ্ট বার্তা পেল যে,কেউ আইনের ঊর্ধ্বে নয়।'
৭৯ বছর বয়সী রদ্রিগো দুতার্তে ২০২২ সালে প্রেসিডেন্টের ক্ষমতা ছেড়ে দেন। তিনি ফিলিপাইনের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিবিদদের মধ্যে একজন। তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ থাকা সত্ত্বেও তিনি এতোদিন আপেক্ষিক দায়মুক্তি ভোগ করেন। অন্যদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে মাত্র কয়েকজনকে দোষী সাব্যস্ত করা হয়।
২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময় মাদকের বুরুদ্ধে যুদ্ধের নামে চালানো অভিযানে হাজার হাজার ফিলিপিনোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
পৃথক আরেকটি প্রতিবেদনে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং এখন তিনি পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়।
দিনা/