ওয়াশিংটনের এক বিচারকের বিরুদ্ধে অভিশংসন চাওয়ায় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য তিরস্কার করেছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। বিরল এ ঘটনার পর থেকে বিচার বিভাগের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে।
রবার্টস একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছেন, ‘দুই শতাব্দীরও বেশি সময় ধরে এটি প্রতিষ্ঠিত হয়েছে। বিচারিক সিদ্ধান্তের বিষয়ে মতবিরোধের ক্ষেত্রে অভিশংসন একটি উপযুক্ত প্রতিক্রিয়া নয়। এ জন্য আইন মোতাবেক স্বাভাবিক আপিল পর্যালোচনার প্রক্রিয়া রয়েছে।’
এর আগে যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের এল সালভাদরে নির্বাসনের ফ্লাইট স্থগিতের আদেশ দেন বিচারক জেমস বোসবার্গ। এ ঘটনার জেরে জেমস বোসবার্গকে অভিশংসনের আহ্বান জানান ট্রাম্প। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করায় হোয়াইট হাউসও জেলা আদালতের তীব্র সমালোচনা করেছে।
মঙ্গলবার তিনি ট্রুথ সোশ্যালের এক পোস্টে বলেছেন, ‘বোসবার্গ একজন উগ্র বাম উন্মাদ বিচারক, একজন সমস্যা সৃষ্টিকারী ও উত্তেজনা সৃষ্টিকারী। তাকে দুঃখজনকভাবে বারাক ওবামা নিয়োগ দিয়েছিলেন। অনেক ফ্যাসিস্ট বিচারকের মতো এই বিচারককে অভিশংসিত করা উচিত।’ সূত্র: এএফপি