ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার (২ মে) বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এক পরিবারের চার সদস্য মারা গেছেন। তাদের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ায় এ ঘটনা ঘটে। সে সময় তারা সবাই ঘুমে ছিলেন। এ ছাড়া শহরটিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
ভারতের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলছে, শহরটির ওপর দিয়ে ঘণ্টায় ৭০ থেকে ১০০ কিলোমিটার বেগে বাতাস বয়ে গেছে। সেই সঙ্গে ভারী বৃষ্টি ও বজ্রপাত ছিল। ২০২১ সালের পর এবারই প্রথম এত ভারী বৃষ্টি হয়েছে সেখানে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেছেন, জেলা প্রশাসনকে আক্রান্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে শহরটির বিমানবন্দরে বিমান পরিচালনাও ব্যাহত হয়েছে, বিলম্বিত হয়ে যায় মেট্রো পরিষেবাও। এ ছাড়া বেশ কয়েক স্থানে তীব্র যানজট দেখা দেয়।
গত মাসে আচমকা ভারী বৃষ্টিতে পূর্ব ও মধ্য ভারত এবং নেপালের কিছু অংশ প্লাবিত হয়েছিল, সে সময় একশরও বেশি মানুষ প্রাণ হারায়। সূত্র: রয়টার্স