যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির ৫৯ জন এমপি ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছেন। তারা গাজায় ইসরায়েলি পরিকল্পনাকে ‘জাতিগত নিধন’ আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতি এখন মানবতাবিরোধী অপরাধের পর্যায়ে পৌঁছেছে। খবর আল-জাজিরার।
গত শনিবার প্রকাশিত চিঠিতে ব্রিটিশ এমপিরা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের পরিকল্পনার কঠোর সমালোচনা করেন, যেখানে গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে রাফাহর ধ্বংসস্তূপে নির্মিত তথাকথিত ‘মানবিক শহরে’ জোরপূর্বক স্থানান্তরের কথা বলা হয়েছে। চিঠিতে এই পরিকল্পনাকে ‘নতুন কনসেনট্রেশন ক্যাম্পের’ সঙ্গে তুলনা করেছেন তারা।
ওই চিঠিতে উল্লেখ করা হয়, বিশিষ্ট ইসরায়েলি মানবাধিকার আইনজীবী মাইকেল স্ফার্ড বলেছেন, ফিলিস্তিনিদের গাজার দক্ষিণ প্রান্তে ঠেলে দিয়ে ‘বহিষ্কারের প্রস্তুতি’ নেওয়া হচ্ছে। এই পরিকল্পনা এখনই থামাতে হবে বলে চিঠিতে এমপিরা উল্লেখ করেছেন। ব্রিটিশ সরকারের প্রতি তারা আহ্বান জানান, যেন তারা ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মতোই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে দুই-রাষ্ট্র সমাধানের প্রতি সমর্থন জানায়।
মাখোঁ সম্প্রতি যুক্তরাজ্য সফরে এসে ব্রিটিশ পার্লামেন্টে বলেন, ‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এখন জরুরি এবং এটিই শান্তির একমাত্র পথ।’