পূর্বঘোষণা অনুসারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন দেশের ওপর নানা হারে শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে কার্যকর সংশোধিত শুল্ক আরোপ করলেন তিনি। তার এ শুল্ক-ঝড়ের প্রভাব এরই মধ্যে পড়েছে বিশ্ববাজারে।
শুক্রবার (১ আগস্ট) যুক্তরাষ্ট্র ও বিশ্বের বিভিন্ন দেশের শেয়ারবাজারের সূচক ছিল পড়তির দিকে। ধারণা করা হচ্ছে, এর প্রভাব পড়বে খোদ যুক্তরাষ্ট্রের চাকরির বাজারেও।
কানাডা, ব্রাজিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, চীন, তাইওয়ানসহ মোট ৬৯ দেশের ওপর নতুন করে শুল্কহার ধার্য করেছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে কানাডার পণ্যে ৩৫ শতাংশ, ব্রাজিলের ৫০, ভারতের ২৫, তাইওয়ানের ২০, বাংলাদেশের ২০, পাকিস্তানের ১৯, সুইজারল্যান্ডের ৩৯, ইন্দোনেশিয়ার ১৯, মালয়েশিয়ার ১৯ এবং মায়ানমারের পণ্যে ৪০ শতাংশ শুল্ক ধরেছে যুক্তরাষ্ট্র।
এই শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও পণ্যের দাম বাড়বে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে টেলিভিশন, কম্পিউটার, সেলফোনসহ অন্য ইলেকট্রনিকস পণ্যের দাম বাড়বে। কারণ ভারত ও তাইওয়ানের মতো সরবরাহকারীদের ওপর যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। আগে দেশ দুটি শুল্ক দিত ১০ শতাংশ হারে।
এ ছাড়া বাড়বে পোশাক, অ্যাকসেসরিজ ও ফুটওয়্যারের দাম। এই বৃদ্ধির পেছনে ভূমিকা রাখবে ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ক্যাম্বোডিয়ার ওপর শুল্কারোপ। আগে দেশগুলো ১০ শতাংশ করে শুল্ক দিত। এখন তাদের প্রত্যেকেরই শুল্কের মাত্রা বেড়েছে। বিশেষজ্ঞরা আগেই জানিয়ে রেখেছিলেন, শুল্ক বৃদ্ধি হলে দিন শেষে সেটির বোঝা টানতে হবে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরই।
তবে ট্রাম্প বলছেন, এই পদক্ষেপের মধ্য দিয়ে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান পাকাপোক্ত হবে। তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে এর মাধ্যমে নতুন রাজস্বনীতির সুবিধা পাওয়া যাবে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ উৎপাদন পুনরুজ্জীবিত হবে, শত শত বিলিয়ন ডলারের বৈদেশিক বিনিয়োগ হবে এবং যুক্তরাষ্ট্রের পণ্য কেনার পরিমাণও বাড়বে।
বিগত মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও তার বাণিজ্য অংশীদারদের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে হয়েছে নানা আলোচনা। প্রতিটি দেশই চেষ্টা করেছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে যাওয়ার। অনেক ক্ষেত্রে বৈশ্বিক নানা বিষয়ও শুল্কের বিষয়টিতে ভূমিকা রেখেছে; যেমন কানাডার ওপর আরোপিত শুল্কে প্রভাব ফেলেছে দেশটির ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণাটি। অন্তত প্রেসিডেন্ট ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্ট থেকে সে ইঙ্গিতই মিলেছে।
এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের কারণে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজার বড় ধরনের ধাক্কা খেয়েছে। দরপতন হয় অনেক পণ্যের।
যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিসটিকস বলছে, যুক্তরাষ্ট্রে চাকরির বাজারের প্রবৃদ্ধি জুলাইয়ে স্থবির ছিল। মাত্র ৭৩ হাজার চাকরি যোগ হয়েছে। গত মাসে দেশটিতে বেকারত্বের হার বেড়েছে ৪ দশমিক ২ শতাংশ। সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান