স্পেনের একটি বিমানবন্দরে পাসপোর্ট ঠিক না থাকায় নিজের ১০ বছরের ছেলেকে রেখে ছুটিতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। ঘটনাটি নিয়ে আলোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
টিকটকে লিলিয়ান নামে এক বিমান চলাচল সমন্বয়ক জানান, ছেলেটির পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তাকে নিয়ে ভ্রমণ সম্ভব হয়নি। কিন্তু বাবা-মা সেই সমস্যা সমাধান না করে, বরং ছেলেকে টার্মিনালে রেখে নিজেরা বিমানে উঠে পড়েন।
লিলিয়ান বলেন, “বাচ্চাটা পুলিশকে বলেছে, তার বাবা-মা এখন বিমানে, ছুটি কাটাতে নিজ দেশে যাচ্ছে। পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষও ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেয়নি। এটা ছিল আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা।”
লিলিয়ানের মতে, ছেলেটিকে যিনি নিতে এসেছেন, সেই আত্মীয় আসতেও অনেকটা সময় লেগে যেতে পারে- অথচ বাবা-মা নিশ্চিন্তে প্লেনে উঠে গেছেন।
লিলিয়ান আরও বলেন, 'একজন মা হিসেবে আমি হলে আতঙ্কে অজ্ঞান হয়ে যেতাম। কীভাবে মা-বাবা এমন করতে পারেন, ভাবতেই অবাক লাগছে।'
পরে পুলিশের অনুরোধে দম্পতির লাগেজ বিমান থেকে নামিয়ে আনা হয় এবং তাদের বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা এখনো জানা যায়নি।
বিশ্বজুড়ে অনেকেই ঘটনাটিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীনতা’ হিসেবে দেখছেন। কেউ কেউ বলছেন, এটা দুর্ঘটনা নয়, সরাসরি অবহেলা। সূত্র: ইয়াহু
মেহেদী/