দক্ষিণ কোরিয়ার বুসানে আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে অনুষ্ঠিত ট্রাম্প-শি বৈঠকের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি হোয়াইট হাউস।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সকালে এশিয়ার ১০ দিনের সফর শেষে দক্ষিণ কোরিয়া ত্যাগ করেছেন। এই সফরে তিনি গুরুত্বপূর্ণ বৈঠক, বাণিজ্য আলোচনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন। তবে হোয়াইট হাউস এখনো ট্রাম্প ও শি’র বুসানে অনুষ্ঠিত বৈঠকের কোনো বিবরণ দেয়নি।
ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি’র সঙ্গে এক ঘণ্টা চল্লিশ মিনিটের বৈঠকের পর বুসান এয়ার বেস থেকে এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠেন। বিমানে ওঠার আগে তিনি হাত নেড়ে এবং মুষ্টি উঁচিয়ে অভিবাদন জানান। তিনি মালয়েশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সফরের পর ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন।
হোয়াইট হাউস সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রস্থানের কিছুক্ষণ আগে একটি পোস্টে বলেছে, ‘প্রেসিডেন্ট এয়ার ফোর্স ওয়ানে উঠেছেন এবং এশিয়ার অসাধারণ সফর শেষে দীর্ঘ যাত্রায় বাড়ি ফিরছেন। এই সপ্তাহে প্রেসিডেন্ট কোটি কোটি ডলারের নতুন বিনিয়োগ নিশ্চিত করেছেন, একটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, একাধিক বাণিজ্য ও খনিজ চুক্তি স্বাক্ষর করেছেন, প্রেসিডেন্ট শি’র সঙ্গে বৈঠক করেছেন এবং আরও অনেক কিছু করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের জন্য কখনও কাজ থামান না।’
শি’র সঙ্গে বৈঠক নিয়ে কোনো তথ্য নেই
বুসানে ট্রাম্প ও শি’র বৈঠকটি এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এই বৈঠক বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের মধ্যে শুল্ক, প্রযুক্তি নিষেধাজ্ঞা এবং দুষ্প্রাপ্য খনিজ রপ্তানির বিষয়ে উত্তেজনার পর সম্পর্ক স্থিতিশীল করার একটি সুযোগ ছিল।
কিন্তু বৈঠক শেষ হওয়ার পর কোনো পক্ষই আনুষ্ঠানিক বিবৃতি বা তথ্য প্রকাশ করেনি। প্রেসিডেন্টের সঙ্গে ভ্রমণরত সাংবাদিকরা জানান, ট্রাম্প বিমানে ওঠার আগে কোনো প্রশ্নের জবাব দেননি। হোয়াইট হাউসের প্রেস অফিসও কোনো আপডেট দেয়নি।
এই বৈঠকটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের পাশাপাশি বুসানে অনুষ্ঠিত হয়। বুসান একটি বন্দর নগরী, যা মূল সম্মেলনের স্থান গিয়ংজু থেকে প্রায় ৭৬ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস
সুমন/