একজন ব্রিটিশ-ফিলিস্তিনি সার্জন অভিযোগ করেছেন, ইসরায়েলি সেনাদের কাছ থেকে ফেরত পাওয়া ফিলিস্তিনিদের মরদেহের ছবিতে অঙ্গ কর্তনের স্পষ্ট প্রমাণ রয়েছে।
সংবাদ মাধ্যম আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ডা. ঘাসান আবু সিত্তা বলেন, ইসরায়েলি সেনারা যে মরদেহগুলো ফেরত দিয়েছে, এসব মরদেহের ফুসফুস, হৃদ্যন্ত্র, কিডনি ও লিভার শল্যচিকিৎসার মাধ্যমে অপসারণ করা হয়েছে। ধারালো করাত ব্যবহার করে এই অঙ্গগুলো তোলা হয়েছে, আশপাশের টিস্যুতে কোনো ক্ষতি ছাড়াই।
তিনি আরও জানান, মরদেহগুলোর ত্বকে তরল নাইট্রোজেন পোড়ার দাগ ছিল, তবে অন্য কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। এতে বোঝা যায়, অঙ্গগুলো মৃত্যুর পর নয়, জীবিত অবস্থাতেই তুলে নেওয়া হয়েছে। এসব মানুষ আগে ইসরায়েলি কারাগারে বন্দি ছিলেন বলে তাদের পরিবার জানিয়েছে। সব মিলিয়ে এটি অঙ্গচুরির শক্ত ইঙ্গিত দেয়।
ডা. আবু সিত্তা বলেন, গত ১৭ অক্টোবর ইসরায়েল ১২০টি মরদেহ হস্তান্তর করার পরপরই তারা এসব প্রমাণ পান। তার এই বক্তব্য গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের প্রধান ইসমাইল আল-থাওবাতার অভিযোগের পক্ষে প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। থাওবাতা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ইসরায়েলের বিরুদ্ধে তাৎক্ষণিক তদন্তের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, ইসরায়েলি সরকারি কর্মকর্তারা এর আগেও স্বীকার করেছেন যে ২০০০ সাল পর্যন্ত ফিলিস্তিনিদের মরদেহ থেকে ত্বক, কর্নিয়া, হার্টের ভাল্ব এবং হাড় সংগ্রহ করা হতো।
রাফায় অবস্থানরত যোদ্ধারা আত্মসমর্পণ করবে না
গাজা উপত্যকার ইসরায়েলি নিয়ন্ত্রিত রাফাহ এলাকায় অবস্থানরত হামাস যোদ্ধারা আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছে সংগঠনটির সামরিক শাখা। গতকাল এক বিবৃতিতে তারা মধ্যস্থতাকারীদের উদ্দেশে বলেছে, এক মাসের অস্ত্রবিরতি বিপন্ন হওয়ার আগেই সংকট সমাধানে উদ্যোগ নিতে হবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার মধ্যস্থতাকারী সূত্রগুলো জানিয়েছে, যোদ্ধারা নিরাপদে অন্য এলাকায় যাওয়ার বিনিময়ে অস্ত্র সমর্পণ করতে পারে, এমন একটি প্রস্তাব দেওয়া হয়েছিল।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহ মৌসুম শুরু হলেও ইসরায়েলি দখলদারদের হামলা থেকে রেহাই পাচ্ছেন না ফিলিস্তিনি কৃষকরা। জলপাই ফল ফিলিস্তিনের সংস্কৃতি, ইতিহাস ও অর্থনীতির গভীর প্রতীক, যা ভূমির প্রতি অনুরাগ ও প্রজন্মের ধারাবাহিকতার প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত। জাতিসংঘ জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত অন্তত ১২৬টি হামলায় ৪ হাজারেরও বেশি জলপাই গাছ কেটে ফেলা হয়েছে। সূত্র: আল-জাজিরা, রয়টার্স