মরক্কোর ফেজ শহরে চারতলা দুটি আবাসিক ভবন ধসে কমপক্ষে ২২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন ১৬ জন।
দেশটির সরকারি বার্তা সংস্থা এমএপি জানায়, ভবন দুটি আটটি পরিবারের বসবাসের ঠিকানা ছিল।
আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলের আশপাশের এলাকা খালি করে দিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো। ধসের কারণ এখনও স্পষ্ট নয় এবং ঠিক কতজন নিখোঁজ আছেন— তা বুধবার সকাল পর্যন্ত নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।
ফেজ মরক্কোর তৃতীয় বৃহত্তম শহর এবং চলতি মাসের আফ্রিকা কাপ অব নেশন্স ও ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক শহরগুলোর একটি। মধ্যযুগীয় বাজারঘেরা দেয়ালতোলা পুরনো শহরের জন্য খ্যাত এই নগরী, একই সঙ্গে দেশের দরিদ্রতম নগর কেন্দ্রগুলোর একটি, যেখানে বহু এলাকায় নড়বড়ে অবকাঠামো সাধারণ ব্যাপার।
চলতি বছরের মে মাসেও একই ধরনের একটি ভবন ধসে ১০ জন নিহত ও সাতজন আহত হয়। ভবনটি আগেই সরিয়ে দেওয়ার তালিকায় ছিল বলে স্থানীয় গণমাধ্যম লে৩৬০ জানিয়েছে। মরক্কোয় অধিকাংশ স্থানে বিল্ডিং কোড মানা হয় না, বিশেষ করে পুরনো নগর এলাকায় যেখানে বহু পরিবার একই জীর্ণ ভবনে বসবাস করে।
স্বাস্থ্য, শিক্ষা এবং অন্যান্য মৌলিক সেবায় বৈষম্য দূর না করে সরকার নতুন স্টেডিয়াম নির্মাণে বেশি গুরুত্ব দিচ্ছে— এমন অভিযোগে এ বছরের শুরুর দিকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সূত্র: ইয়াহু
মেহেদী/