ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলি (জাতীয় পরিষদ) এমন একটি আইন পাস করেছে যেখানে মার্কিন অবরোধ বা জলদস্যুতাকে সমর্থন ও অর্থায়নকারীদের জন্য ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেলের ট্যাঙ্কারগুলো জব্দ করার পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই আইনটি পাস হয়। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার এই মার্কিন অবরোধকে ‘‘জলদস্যুতা’’ হিসেবে অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছে।
মাদুরোর ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণে থাকা ন্যাশনাল অ্যাসেম্বলিতে আইনটি পেশ করার সময় জিউসেপ আলেসান্দ্রেলো বলেন, ‘‘এই আইনের লক্ষ্য হলো জাতীয় অর্থনীতিকে রক্ষা করা এবং জনগণের জীবনযাত্রার মান আরও খারাপ হওয়া রোধ করা।’’
গত কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকায় বিশাল সামরিক বাহিনী মোতায়েন, তেলের ট্যাঙ্কার জব্দ এবং মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোতে সামরিক হামলা চালিয়ে বেশ কিছু মানুষকে হত্যার মতো একের পর এক আক্রমণাত্মক পদক্ষেপ নিচ্ছে। এমনকি তারা সরাসরি ভেনেজুয়েলায় স্থল হামলার হুমকিও দিয়েছে।
আন্তর্জাতিক জলসীমায় তেলের ট্যাঙ্কার জব্দের মতো এই কাজগুলোর বৈধতা নিয়ে বিতর্ক রয়েছে। অন্যদিকে, মাদক পাচারকারী সন্দেহে চালানো হামলাগুলোকে অনেকেই অবৈধ বলে মনে করছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার জানিয়েছে যে, মার্কিন সামরিক বাহিনী এই সপ্তাহে ক্যারিবীয় অঞ্চলে বিশেষ অপারেশন বিমান এবং সৈন্যবাহী কার্গো বিমান পাঠিয়েছে। ডোনাল্ড ট্রাম্প সোমবার সাংবাদিকদের বলেন, ‘‘আমরা বিশাল এক নৌবহর তৈরি করেছি, যা দক্ষিণ আমেরিকায় আমাদের দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় বহর।’’
মাদুরো দাবি করেছেন যে, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত করে ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদের নিয়ন্ত্রণ নিতে চায়। ট্রাম্প সোমবার স্পষ্ট করেছেন যে, জব্দ করা তেলের ট্যাঙ্কার এবং তেল—উভয়ই যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে।
তবে সমালোচকদের মতে, যুক্তরাষ্ট্রের এই চাপের ইস্যুটিকে ভেনেজুয়েলা সরকার দেশের অভ্যন্তরে ভিন্নমত দমনের একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে।
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে যে, ২০২৪ সালের জুলাই মাসের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে মাদুরো সরকার আরও বেশি দমনমূলক হয়ে উঠেছে। ওই নির্বাচনে মাদুরো নিজেকে বিজয়ী ঘোষণা করলেও ফলাফল নিয়ে জনমনে ব্যাপক সন্দেহ রয়েছে। বিরোধী দল নিজেদের প্রকৃত বিজয়ী দাবি করে আসছে এবং খুব কম দেশই মাদুরোর এই জয়কে স্বীকৃতি দিয়েছে। সূত্র: আল জাজিরা
মাহফুজ/