হন্ডুরাসের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ট্রাম্পের সমর্থন পাওয়া ব্যবসায়ী নাসরি আসফুরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির পার্লামেন্ট ভবনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণের পর ৬৭ বছর বয়সী নতুন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের প্রিয় হন্ডুরাসের প্রতিটি প্রান্তে বাস্তব সমাধান পৌঁছে দিতে যে পূর্ণ অঙ্গীকার প্রয়োজন, তা নিয়েই আমি দেশ পরিচালনা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগে হন্ডুরাসের এই রক্ষণশীল প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেওয়ার পর আসফুরার ক্ষমতায় উত্থান ঘিরে বিতর্ক তৈরি হয়। ভোট গ্রহণের পর গণনা শেষ করতে কয়েক সপ্তাহ লেগে যায়।
এরপর ফল ঘোষণায় দেখা যায়, খুব অল্প ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এক শতাংশেরও কম ব্যবধানে জয় পান আসফুরা। নির্বাচনে কারসাজির অভিযোগ তোলেন প্রতিদ্বন্দ্বীরা।
হন্ডুরাস কর্তৃপক্ষ জানায়, আসফুরা ৪০ দশমিক ২৭ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল প্রার্থী সালভাদোর নাসরাল্লা পান ৩৯ দশমিক ৫৩ শতাংশ ভোট। নাসরাল্লা দাবি করে আসছেন, প্রকৃত প্রেসিডেন্ট তিনিই।
আসফুরা ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজধানী তেগুসিগালপার মেয়র হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। তার আগে ২০১০–২০১৪ মেয়াদে পোরফিরিও লোবো সোসার প্রশাসনে তিনি হন্ডুরাস সামাজিক বিনিয়োগ তহবিলের সচিব ছিলেন।
রক্ষণশীল ন্যাশনাল পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বার চেষ্টায় তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। এর আগে ২০২১ সালে তিনি বামপন্থী লিবার্টি অ্যান্ড রিফাউন্ডেশন পার্টির (লিব্রে) প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট সিওমারা কাস্ত্রোর কাছে পরাজিত হয়েছিলেন।
সুমন/