মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় জ্বালানি সরবরাহ সংকট গভীরতর হচ্ছে—এমন উদ্বেগে ডলারের বিপরীতে ভারতের রুপি রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে।
শুক্রবার (২৭ মার্চ) রুপির দর প্রতি ডলারে ৯৪ দশমিক ১৫৭৫-এ নেমে আসে, যা এর আগের সর্বনিম্ন ৯৩ দশমিক ৯৮-কে ছাড়িয়ে গেছে। চলতি সপ্তাহের শুরুতেই সেই আগের রেকর্ড গড়া হয়েছিল। গত মাসের শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত রুপির মান প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি জ্বালানি সংকটের আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে অবস্থান করছে। এতে বৈশ্বিক শেয়ারবাজারে চাপ তৈরি হয়েছে এবং বন্ডের সুদের হারও বেড়েছে।
এ পরিস্থিতিতে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দিয়েছেন বিশ্লেষকরা। একই সঙ্গে, সংকটের প্রভাবে মূল্যস্ফীতি বাড়তে পারে—এমন আশঙ্কায় আগামী ১২ মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া সুদের হার বাড়াতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
এদিকে, বিনিয়োগ প্রতিষ্ঠান বার্নস্টেইনের মতে, দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়ানো গেলেও চলতি বছরেই ডলারের বিপরীতে রুপির দর ৯৮ ছাড়িয়ে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ভারতের চলতি হিসাবের ভারসাম্যের ওপর চাপ থেকেই এই অবমূল্যায়ন বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। সূত্র: রয়টার্স
মাহফুজ/