পাকিস্তানের লাহোরে সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) প্রতিষ্ঠাতা সদস্য আমির হামজা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রাপ্ত তথ্য অনুযায়ী, লাহোরে একটি নিউজ চ্যানেলের কার্যালয়ের বাইরে অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।
এক বছরেরও কম সময়ের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার হামলার শিকার হলেন হামজা।
এর আগে গত বছর মে মাসে লাহোরে তার বাসভবনের বাইরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করেন।
পরে পাকিস্তান কর্তৃপক্ষ তার নিরাপত্তা জোরদার করে বলে জানা গেছে।
হামজা ১৯৮৫-৮৬ সালের মধ্যে হাফিজ সাঈদের সঙ্গে মিলে লস্কর-ই-তৈয়বা প্রতিষ্ঠা করেন। ভারতসহ বিশ্বজুড়ে একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তাদের যোগসূত্র রয়েছে।
সাঈদের পর তাকে লস্কর-ই-তৈয়বার দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। যুক্তরাষ্ট্র তাকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। সূত্র: এনডিটিভি
অমিয়/