শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম দফায় শপথ নিয়েছেন পাঁচ মন্ত্রী। তারা হলেন- দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশিত প্রামাণিক, ক্ষুদিরাম টুডু এবং অশোক কীর্তনিয়া। তবে তাদের দপ্তর বন্টন করা হয়নি।
শনিবার (৯ মে) কলতাকার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে প্রথমে শপথ নেন শুভেন্দু অধিকারী। তার পর শপথ নেন দিলীপ ঘোষ। পরে অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক শপথ নেন।
দীর্ঘ রাজনৈতিক লড়াই ও নাটকীয় উত্থান-পতনের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। কমিউনিস্ট শাসনের অবসানের পর মমতা ব্যানার্জীর নেতৃত্বে টানা ১৫ বছরের রাজনৈতিক অধ্যায়ের পর এবার রাজ্যে ক্ষমতায় এলো বিজেপি।
একসময় মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ সহযোগী ও তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন শুভেন্দু অধিকারী। পরে রাজনৈতিক অবস্থান বদলে বিজেপিতে যোগ দেন তিনি। সেই রাজনৈতিক যাত্রার পরিণতিতে আজ তিনি পশ্চিমবঙ্গের প্রশাসনিক নেতৃত্বের শীর্ষে পৌঁছালেন।
বর্তমান বাংলার রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থানকে অনেকেই অত্যন্ত নাটকীয় ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন।
নন্দীগ্রাম ও ভবানীপুরের রাজনৈতিক লড়াইয়ে নিজস্ব অবস্থান তৈরি করে তিনি রাজ্যের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে উঠে আসেন।
নতুন মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাদের উপস্থিতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের গুরুত্বকেই তুলে ধরে।
মঞ্চে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা এনসিপি নেতা প্রফুল পটেল, বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি, চিরাগ পাসোয়ান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা, স্মৃতি ইরানি, শিবরাজ সিংহ চৌহান, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ, অগ্নিমিত্রা পাল, মিঠুন চক্রবর্তীসহ কেন্দ্র ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা
গত ৪ মে রাজ্যের ভোটের ফল ঘোষিত হয়। ২০৭টি আসনে জয় পেয়ে বিজেপি ক্ষমতায় আসে।
গতকাল শুক্রবার দলের সবার প্রস্তাবনায় শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বিধায়কদলের বৈঠকের পর শাহ বলেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নামের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হয়েছিল কিন্তু কোনো দ্বিতীয় নাম আসেনি, তাই শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’ সূত্র: এনডিটিভি, আনন্দবাজার
অমিয়/