চাঁদের অদেখা প্রান্তে (ফার সাইড) প্রাচীন আগ্নেয়গিরির শিলার সন্ধান পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের গবেষকরা এ কথা জানিয়েছেন।
চীনের মহাকাশযান চাং ই-৬ মিশনে সংগৃহীত নমুনা বিশ্লেষণ করে দেখা গেছে, ৪২০ কোটি বছরের পুরোনো আগ্নেয়গিরি থেকে সৃষ্ট ব্যাসল্ট শিলার সন্ধান মিলেছে।
সম্প্রতি এই তথ্য নেচার অ্যান্ড সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিজ্ঞানীরা আগে থেকেই চাঁদের নিকটবর্তী অংশে (যা পৃথিবী থেকে দেখা যায়) আগ্নেয়গিরির কার্যক্রম সম্পর্কে জানতেন। তবে চাঁদের অপর দিক (ফার সাইড) ভিন্ন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের অধিকারী এবং তা এখনো অনেকাংশে অনাবিষ্কৃত।
রোবটিক চাং ই-৬ মহাকাশযানের সংগ্রহ করা নমুনা ছিল চাঁদের ফার সাইড থেকে আনা প্রথম শিলা ও ধূলিকণা। প্রায় দুই মাসব্যাপী ঝুঁকিপূর্ণ অভিযানের মাধ্যমে এই নমুনা সংগ্রহ করা হয়।
চীনা একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞদের নেতৃত্বে পরিচালিত গবেষণায় রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতিতে শিলার বয়স নির্ধারণ করা হয়েছে। এই বিশ্লেষণে ২৮৩ কোটি বছর আগের একটি আগ্নেয়গিরি বিস্ফোরণের প্রমাণ পাওয়া গেছে, যা চাঁদের নিকটবর্তী অংশে আগে কখনো পাওয়া যায়নি।
চীনের ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্সের অধ্যাপক কিউলি লি বলেছেন, ‘এটি একটি অত্যন্ত উত্তেজনাপূর্ণ গবেষণা। এটি চাং ই-৬-এর পাঠানো নমুনা থেকে প্রাপ্ত প্রথম জিওক্রোনোলজি স্টাডি। চন্দ্র ও গ্রহবিজ্ঞান নিয়ে গবেষণাকারীদের জন্যও এটি গুরুত্বপূর্ণ।’
এখানে ফার সাইডকে ‘অন্ধকার দিক’ বলা হলেও এটি আসলে পর্যাপ্ত সূর্যালোক পায়। তবে চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে এবং নিজের অক্ষে ঘুরতে প্রায় ২৭ দিন সময় নেয়। ফলে সব সময় একই অংশ পৃথিবীর দিকে মুখ করে থাকে। উল্লেখ্য, ১৯৫৯ সালে সোভিয়েত মহাকাশযান লুনা ৩ প্রথম ফার সাইডের ছবি ধারণ করে। সেই ছবি ধোঁয়াটে হলেও চাঁদের অন্য দিকের প্রথম চিত্র ছিল সেটি। সূত্র: বিবিসি


