স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে যশোরের আদালত।
সোমবার (১৭ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম এ আদেশ দেন। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলমের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বিচারক।
এ ছাড়া একই দিনে পৃথক আরেকটি আবেদনের প্রেক্ষিতে তন্দ্রা ভট্টাচার্য্যের আয়করের মূলনথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক। খুলনা কর অঞ্চলের ডেপুটি কমিশনার অব ট্যাক্সেস সার্কেল-৮ যশোরকে তার মূলনথি সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুদুকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
স্বপন ভট্টাচার্য যশোর-৫ (মনিরামপুর) আসনের দশম ও একাদশ সংসদের সদস্য ছিলেন। দ্বাদশ সাংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্টেলিয়াতে স্ত্রীসহ তার মেয়ের কাছে বসাবাস করছেন বলে জানিয়েছেন দলীয় নেতা-কর্মীরা।
আদালত সূত্র জানায়, গত ২৪ ডিসেম্বর সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অর্জনের মামলা হয়। মামলার অভিযোগে উল্লেখ করা হয়, স্বপন ভট্টচার্য্যের স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের সঙ্গে পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার ৩৯১ টাকার সম্পদ অর্জন করেন। এ ছাড়াও ১০টি ব্যাংক হিসাবে ১০ কোটি ৩৬ লাখ ৩৫ হাজার ৫৮৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য গোপন করার জন্য রূপান্তর, হস্তান্তর ও স্থানান্তর করে দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন তন্দ্রা ভট্টাচার্য্য।
স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জন্য মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক খোরশেদ আলম আবেদন জানালে বিচারক তা মঞ্জুর করেন।
এ ছাড়া একই দিনে একই অভিযোগে আরও একটি মামলা করে দুদক। ওই মামলায় স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যকে আসামি করা হয়।
এ মামলায় উল্লেখ করা হয়, দুই কোটি ৪৮ লাখ ৭১ হাজার ১৫১ টাকা মূল্যের স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে স্বপন ভট্টাচার্য্যের। এ ছাড়া নিজের নামে ১৯টি ব্যাংক হিসাবে ৪১ কোটি ৬৪ লাখ ৮২ হাজার ৩৩৪ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে দুদক। দুর্নীতি ও ঘুষ নেওয়ার মাধ্যমে পাওয়া অর্থ গোপন করার উদ্দেশ্যে এর রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তর করে মানিলন্ডারিংয়ের অপরাধ করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ কাজে তার স্ত্রী তাকে সহায়তা করেন। এ মামলায় তন্দ্রা ভট্টাচার্য্যের আয়করের মুল নথি জব্দের নির্দেশ দিয়েছেন বিচারক।
তুহিন/মেহেদী/