- কিছু আঁতেল ভোট নিয়ে ধূম্রজাল তৈরির চেষ্টা করছে
- ভরা মৌসুমে চালের দাম কমার কথা, কেন বাড়ল সেটিই প্রশ্ন
- কেউ যদি অবৈধভাবে মজুত করে থাকে, তাকে সাজা পেতে হবে
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একটি গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আর কোনো দিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না।
সোমবার (২২ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হয়। টানা চতুর্থবার সরকার গঠনের পর এটি ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক।
প্রধানমন্ত্রী বলেন, অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধিকারীদের খুঁজে বের করা হবে।
শেখ হাসিনা বলেন, যুদ্ধ-অর্থনৈতিক মন্দাসহ নানা কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। তবে মানুষের কষ্ট কমাতে তার সরকার কাজ করছে। তিনি বলেন, অস্বাভাবিকভাবে ও দুরভিসন্ধি করে যারা পণ্য মজুত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনে জেলে পাঠিয়ে দেওয়া হবে। বাজার নিয়ে কেউ যেন কোনো খেলা খেলতে না পারে, সে জন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশে নতুন ইতিহাস তৈরি করেছে। তিনি বলেন, ‘জনগণের ভোটে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পেরেছি। এবারের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি। জনগণের মতের প্রতিফলন ঘটেছে। এখন আর্থসামাজিক উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলিতা দরকার।’
বিএনপির দিকে ইঙ্গিত করে শেখ হাসিনা বলেন, ভোট হতে দেবে না, ভোটার যেতে দেবে না- এমন হুমকি ও নানা বাধাবিপত্তির পরও জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। তিনি আরও বলেন, দল ক্ষমতায় থাকলেও নিরপেক্ষ নির্বাচন হতে পারে, সেটি এবার প্রমাণিত হয়েছে। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা অন্য পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির শাসনামলে তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিল দেশের মানুষ। তাই ২০০৮ সালের নির্বাচনে তারা পেয়েছে মাত্র ৩০টি আসন। এর পর থেকে তারা দেশজুড়ে সহিংসতা, অগ্নিসন্ত্রাস চালায়। নির্বাচন করবে না সেটি তাদের ব্যাপার। কিন্তু এ দেশের মানুষ নির্বাচন গ্রহণ করেছে। অথচ কিছু আঁতেল ভোট নিয়ে ধূম্রজাল তৈরির চেষ্টা করছে।
শেখ হাসিনা বলেন, ভরা মৌসুমে চালের দাম কমার কথা, কেন বাড়ল সেটিই প্রশ্ন। কেউ যদি অবৈধভাবে মজুত করে থাকেন, তাকে সাজা পেতে হবে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন, নির্বাচন কীভাবে করব সেটি নিয়ে সভায় আলোচনা হবে। দেশের একটি গোষ্ঠী অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। কিন্তু এই বাংলাদেশে আর কোনো দিন অস্বাভাবিক পরিস্থিতি হতে দেওয়া হবে না। এ অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
এমএ/