রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত প্রতিটি পরিবারের জন্য এক লাখ টাকা করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারপ্রতি তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন, ক্ষতিগ্রস্ত কারখানার অংশ ঘুরে দেখেন এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহত ও নিহতদের পরিবার-পরিজনের খোঁজখবর নেন। তিনি বলেন, দুর্ঘটনায় নিহতরা সবাই গরিব ও পরিশ্রমী মানুষ—পেটের দায়ে কাজ করতে এসে জীবন দিয়েছেন। এ কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব।
অন্যদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা দেন, বিএনপির পক্ষ থেকে নিহত প্রতিটি পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে। তিনি জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এ সহায়তা দেবেন। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় এলে আবাসিক এলাকায় শিল্পায়নের সমন্বয়হীনতা ও পরিকল্পনার ঘাটতি দূর করতে কাজ করবে।
দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে জামায়াত আমির এক বিবৃতিতে নিহতদের জন্য দোয়া করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ ও আহতদের সর্বাত্মক চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান।
ঘটনাস্থলে বিএনপি ও জামায়াত ছাড়াও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যান। রাজনৈতিক নেতাদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষও সেখানে ভিড় করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটে রূপনগরের একটি গার্মেন্টস প্রিন্টিং কারখানা ও রাসায়নিক গোডাউনে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট সকাল ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ১২টি ইউনিট যোগ দেয়। রাত পর্যন্ত আগুনে অন্তত ১৬ জনের মৃত্যু নিশ্চিত করে ফায়ার সার্ভিস। নিহতদের সবাইকে পোশাক কারখানার দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে উদ্ধার করা হয়।
মাহফুজ/