মানুষের জীবনে বিপদাপদ আসবেই। বিপদ অবশ্য বার্তা দিয়েও আসে না। বিপদ থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। তাঁর কাছে দোয়া করতে হবে। তিনি ছাড়া বিপদ থেকে রক্ষার মালিক নেই।
আল্লাহতায়ালা মুমিনদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। তাদের মন যাচাই করেন। তাই বিপদ আসলে হতবিহ্বল হওয়া যাবে না। অধৈর্যশীলদের পরিচয় দেওয়া যাবে না। আল্লাহর ওপর ভরসা ও দোয়া করতে হবে। রাসুলুল্লাহ (সা.)ও যখন কোনো বিপদে পড়তেন, আল্লাহর কাছে দোয়া করতেন।একান্তভাবে প্রার্থনা করতেন। কোরআন ও হাদিসে বিপদ থেকে মুক্তি ও বেঁচে থাকার অনেক দোয়া পাওয়া যায়। দোয়াগুলো ছোট ও সহজ। চাইলেই মুখস্থ করা যায়। এখানে কয়েকটি দোয়া দেওয়া হলো—
বিপদ থেকে বাঁচার দোয়া
আনাস (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘আল্লাহতায়ালা বান্দার পরিবার, সম্পদ, সন্তানাদিতে যে বরকত দেবেন, এর পরিপ্রেক্ষিতে যদি বান্দা এই দোয়া পড়ে, তাহলে এগুলোতে মৃত্যু ছাড়া আর কোনো বিপদাপদ দেখতে পাবে না। দোয়াটি হলো—
مَا شَاءُ اللَّهُ لَا قُوَّةَ إِلَّا بِاللهِ
বাংলা উচ্চারণ: ‘মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।’
বাংলা অর্থ: আল্লাহতায়ালা যা ইচ্ছা করেন তা হয়, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই। (ইবনুস সুন্নি, পৃষ্ঠা: ৩৫৭)
ছোট-বড় বিপদে যে দোয়া পড়বেন
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা সকল দুর্ঘটনায় ‘ইন্নালিল্লাহ’ বলবে। এমনকি জুতার ফিতা ছিঁড়ে গেলেও। কেননা এটিও একটা মুসিবত ও দুর্ঘটনা।” (ইবনুস সুন্নি, পৃষ্ঠা: ৩৫২)
বিপদে আসলে যে দোয়া পড়বেন
আনাস (রা.) বলেন, ‘যখন রাসুলুল্লাহ (সা.)-এর ওপর কোনো কাজ কঠিন হয়ে দেখা দিত, তখন তিনি এ দোয়া পড়তেন। যথা—
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ
বাংলা উচ্চারণ: ‘ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরাহমাতিকা আসতাগিছু। আসলিহ লি শানি কুল্লাহু, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারাফাতা আইনি।’
বাংলা অর্থ: হে চিরঞ্জীব! হে বিশ্ব চরাচরে ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি। (মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২৪৫৪)
দোয়া ইউনুস পড়লে বিপদ কাটে
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘মাছের পেটে ইউনুস (আ.) এ দোয়া পড়ে আল্লাহকে ডেকে ছিলেন এবং মুক্তি পেয়েছিলেন। যদি কোনো মুসলিম বিপদে পড়ে এ দোয়া পাঠ করে, আল্লাহ তা কবুল করবেন।
لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ
বাংলা উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, ইন্নি কুংতু মিনাজ্জালিমিন।’
বাংলা অর্থ: তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। (সুরা আম্বিয়া, আয়াত: ৮৭; মিশকাতুল মাসাবিহ, হাদিস: ২২৯২)
আরও পড়ুনঃ
বিপদ থেকে মুক্তির আমল