সাড়ে চৌদ্দ শত বছর আগে হেরা গুহা থেকে ‘ইকরা’-এর যেই আওয়াজ প্রতিধ্বনিত হয়েছিল, জ্ঞানের যেই ঝরনাধারা প্রবহমান হয়েছিল, যুগ-যুগান্তর পরে এসেও ‘কালাল্লাহ, কালার রাসুল’-এর সে গুঞ্জন আমরা শুনতে পাই। আমাদের কী জানা আছে এর প্রকৃত ইতিহাস? মক্কার সেই ধু ধু মরুভূমি থেকে জ্ঞানের যে মশাল প্রজ্বলিত হয়েছিল, তা বাংলার এই অজপাড়াগাঁয়ে আমাদের দুয়ার পর্যন্ত কীভাবে এলো, সেই চিন্তার রেখা কখনো কী ফুটে উঠেছিল আমাদের কপালে? কবে, কখন, কার মাধ্যমেই-বা হয়েছিল জ্ঞানের আলোকবর্তিকা ‘দরসে নেজামি’র গোড়াপত্তন? কে ছিলেন সেই মহান ব্যক্তিত্ব? কী ছিল তার ইতিহাস?
তা ছাড়া কারা ছিলেন সেই মহান মনীষী। যাদের লেখনি পড়ে যুগের নানুতুবি, গাঙ্গুহি, থানবি, মাদানি হওয়া যায়? তা জানার অদম্য ইচ্ছা তো আমাদের ব্যাকুল মনকে সদা তাড়া করে বেড়ায়।
জ্ঞানীরা বলেন, বই পাঠের আগে বইয়ের লেখককে জানা জরুরি। লেখকের ভোদাভীতি, ব্যক্তিত্ব, পরিশ্রম, মানবিকতা, উদারতা পাঠক-হৃদয়কে আন্দোলিত করে, বইটি পড়তে পাঠককে ব্যাকুল করে তোলে। পাশাপাশি যেকোনো কিতাব পাঠের আগে কিতাব ও তার বিষয়বস্তু জানাটা কিতাব বোঝার ক্ষেত্রে অসামান্য অবদান রাখে। তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। অন্যথায় তার পঠন-পাঠন আশানুরূপ ফলদায়ক হয় না, পাঠককে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সহায়তা করে না।
দরসে নেজামি: কিতাব ও লেখক পরিচিতি বইটি আমাদের হৃদয়তটে ভাসমান যাবতীয় কৌতূহলের অবসান ঘটাতে কল্যাণকর ভূমিকা পালন করবে। যারা মাদরাসার উর্দু পহেলি কিতাব থেকে শুরু করে একবারে বুখারি শরিফের লেখক ও কিতাবের বিষয়বস্তু সম্পর্কে জানতে চান তাদের জন্য উৎকৃষ্ট পাথেয় এ বই।
এই কিতাবটি তিনটি মূল অনুচ্ছেদে বিভক্ত—
১. দরসে নেজামি: এই অনুচ্ছেদে ইসলামপূর্ব জ্ঞানচর্চা এবং ইসলামি শিক্ষার সূচনা নিয়ে আলোচনা করা হয়েছে। মক্কার দারে আরকাম থেকে মদিনার আসহাবে সুফফা পর্যন্ত, অতঃপর কুফা, বসরা, বাগদাদসহ বিশ্বব্যাপী ইসলামি শিক্ষার ক্রমবিকাশ তুলে ধরা হয়েছে। ইতিহাসে প্রথম মাদরাসা, ভারতবর্ষে ইসলামি শিক্ষার বিস্তার, দরসে নেজামির সূচনা ও বিকাশ, প্রবর্তক ও তার জীবনী এবং দরসে নেজামির প্রাথমিক পাঠ্যসূচির বিবরণসহ এর মৌলিক উদ্দেশ্যও আলোচিত হয়েছে। বর্তমান যুগে এর পরিমার্জিত রূপও এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২. কিতাব ও লেখক পরিচিতি: এ অনুচ্ছেদে বর্তমান বাংলাদেশে জামাতভিত্তিক দরসে নেজামিতে পঠিত কিতাবগুলোর সংক্ষিপ্ত পরিচিতি ও লেখকদের জীবনী তুলে ধরা হয়েছে। যাতে যেকোনো শিক্ষার্থী কিতাব পাঠের আগেই সংশ্লিষ্ট কিতাব ও তার লেখক সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে।
৩. ফনের মাবাদিয়ে আশারাহ: এখানে দরসে নেজামিতে পঠিত মৌলিক ফনগুলোর প্রাথমিক ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথা: ফনের আভিধানিক-পারিভাষিক অর্থ, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, উদ্ভাবক ও সময়কালসহ বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
বইটি লিখেছেন ফজলে আলীম। প্রকাশ করেছে মাকতাবাতুল খিদমাহ। ৪৯৬ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৯০০ টাকা। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মাকতাবাতুল খিদমাহ থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেজে।
বই : দরসে নেজামি : কিতাব ও লেখক পরিচিতি
লেখক : ফজলে আলীম
প্রকাশক : মাকতাবাতুল খিদমাহ
পৃষ্ঠা সংখ্যা : ৪৯৬
মুদ্রিত মূল্য : ৯০০ টাকা
মোবাইল : ০১৮৯০-৩৮৬৪৮৮
লেখক : আলেম ও সাংবাদিক