আগের দিনের ৩ উইকেট হারিয়ে ৩২ রান করা বাংলাদেশ ধাক্কা খেয়েছে দ্বিতীয় দিনেও। নতুন করে আরও ৩ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে স্বাগতিকরা। বোর্ডে যোগ হয়েছে ১৩২ রান।
দ্বিতীয় দিনের শুরুতে নাইটওয়াচম্যান তাইজুল ইসলামকে নিয়ে খেলা শুরু করা মাহমুদুল হাসান জয় ব্যক্তিগত ১২ ও দলীয় ৫৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে ধরেন সাজঘরের পথ। তিনি আউট হয়েছেন লাহিরু কুমারার বলে।
এরপর নতুন ব্যাটার শাহাদাত হোসেন দীপু ক্রিজে এসে খেলার চেষ্টা করেন ওয়ানডে মেজাজে। কিন্তু সেই চেষ্টা থেমে যায় তিন চারে ১৮ রান করে সেই কুমারার বলেই।
একের পর এক আসা-যাওয়ার মিছিলে মাঠে তিকে ছিলেন কেবল নাইটওয়াচম্যান তাইজুল। দলীয় ৮৩ রানে দীপুর বিদায়ে মাঠে আসা লিটন উইকেট বাঁচিয়ে খেলার চেষ্টায় করতে সমর্থ হন ৪৩ বলে ২৫ রান। মধ্যাহ্ন বিরতির ৮ বল আগে দলীয় ১২৪ রানে তিনিও ধরেন সাজঘরের পথ কুমারার বলেই বোল্ড হয়ে।
বাকিদের ব্যর্থতায় আগের দিন উইকেট বাঁচাতে শেষ বিকালে ব্যাট করতে নামা তাইজুলই এখন বাংলাদেশের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছে। ৭১ বলে ৪১ রান করে অপরাজিত থেকে বিরতিতে গেছেন। তার সাথে ২ রান করে অপরাজিত আছেন মেহেদি হাসান মিরাজ।