বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালিন মাঠেই হার্ট অ্যাটাক করেন মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল খান। পরপর দুটি হার্ট অ্যাটাকের শিকার হওয়ার তামিমের হার্টে পরানো হয়েছে একটি রিং। বর্তমানে তিনি রয়েছেন সাভারের কেপিজে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে।
আজ (সোমবার) দুপুর ১২টায় বিসিবির ১৯তম বোর্ডসভা হওয়ার কথা ছিল। কিন্তু তামিমের অসুস্থতার খবরের প্রভাব পড়েছে সেই সভায়। তামিমের সংকটাপন্ন অবস্থার খবরে সভা স্থগিত করে বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা ছুটে যান হাসপাতালে।
বর্তমানে হাসপাতালে রয়েছেন বিসিবির একাধিক পরিচালক ও বিসিবি সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপাতত সকল কাজকে স্থগিত করে তামিমকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি।
তামিমের হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টের খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র। সতীর্থ, বিদেশি খেলোয়াড়, ভক্ত ও সমর্থকরা একের পর এক পোস্ট দিতে থাকে সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের সুস্থতা কামনায়।
সবার একটাই প্রত্যাশা বাংলাদেশ দলের সাবেক ওয়ানডে অধিনায়ক পুরোপুরি আবারও সুস্থ হয়ে ফিরে আসবেন মাঠে।










