জাতীয় দলের বেশিরভাগ সদস্যই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মাঠে নেমেছেন। তবে চোটের কারণে কোনো দলের সঙ্গে চুক্তিবদ্ধ হননি তিনি। এবার অবশ্য সুখবর মোস্তাফিজ ভক্তদের জন্য।
দলীয় সূত্রে জানা গেছে, সুপার লিগ দিয়ে ডিপিএলের মাঠে ফিরছেন মোস্তাফিজ। খেলবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে।
জাতীয় দলের দুই ক্রিকেটার ডিপিএলের শুরুরদিকে দল পাননি। একজন লিটন কুমার দাস ও অন্যজন মোস্তাফিজুর রহমান। শোনা গিয়েছিল, সন্তোষজনক পারিশ্রমিকের প্রস্তাব না পাওয়ায় দল নিশ্চিত হয়নি এই দুইজনের।
লিটন অবশ্য পরে গুলশান ক্লাবের হয়ে মাঠে নামেন পিএসএলে খেলতে যাওয়ার আগে। যদিও আঙুলের চোটে না খেলেই ফিরতে হয়েছে তাকে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঁধে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। পুনর্বাসন প্রক্রিয়ার ভেতর থাকায় মাঠে নামা হয়নি তার।
গত রোববার (১৩ এপ্রিল) শেষ হয়েছে ডিপিএলের গ্রুপ পর্বের খেলা। আগামীকাল (বুধবার) থেকে শুরু হবে সুপার লিগ পর্ব। এই পর্বে দেখা যাবে না জিম্বাবুয়ে সিরিজের দলে সুযোগ পাওয়া জাতীয় দলের ক্রিকেটারদের।