পাঁচ বছরেরও বেশি সময় পর বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে এসেছে জিম্বাবুয়ে। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ আজ। সে ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রবিবার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।
সবশেষ ২০২০ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সে টেস্টটি তারা হেরেছিল ইনিংস ও ১০৬ রানে। সেই ম্যাচে অপরাজিত ২০৩ রানের ইনিংস খেলেছিলেন মুশফিকুর রহিম।
২০২১ সালে মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ি টেস্টে হারারেতে ২২০ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। তবে প্রথম টেস্টের ভেন্যু সিলেটে ২০১৮ সালে বাংলাদেশের বিপক্ষে ১৫১ রানের জয় পেয়েছিল জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। চোটের কারণে স্কোয়াডে তাসকিন আহমেদ না থাকলেও গতিতারকা নাহিদ রানা, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ রয়েছেন একাদশে। বাংলাদেশের উইকেটকিপারের দায়িত্ব সামাল দেবেন জাকের আলি অনিক।
সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে দলে নেই তাসকিন আহমেদ, লিটন কুমার দাস ও শাহাদাত হোসেন দীপু। চোটের কারণে দলে নেই তাসকিন আর লিটন। আর পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন দীপু।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ
বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ এরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, বিলেসিং মুজারাবানি, ভিক্টর নায়োচি।










