অ্যালান ডোনাল্ড বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব ছাড়ার পর সে জায়গায় আন্দ্রে অ্যাডামসকে নিয়োগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তার মেয়াদ থাকলেও পারস্পরিক সমঝোতায় চাকরি ছাড়তে যাচ্ছেন এই কোচ।
গতকালই মিরপুরে তাকে ফুল দিয়ে বিদায় জানিয়েছেন ক্রিকেটার ও কোচিং স্টাফের অন্য সদস্যরা।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড দায়িত্ব ছেড়ে দিলে কোচ হিসেবে আসেন অ্যান্দ্রে অ্যাডামস। দেড় বছর দায়িত্ব সামাল দিলেও তাকে আর চাচ্ছে না বোর্ড।
তার জায়গায় নতুন কোচও চূড়ান্ত করে ফেলা হয়েছে বলে শোনা যাচ্ছে।
একটি সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ার শন টেইট এগিয়ে আছেন নতুন কোচ হওয়ার দৌঁড়ে। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার বিখ্যাত ছিলেন গতির কারণে।
অস্ট্রেলিয়ার হয়ে ৩ টেস্ট, ৩৫ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন তিনি।
কোচিং ক্যারিয়ারে দায়িত্ব পালন করেছেন পাকিস্তান ও আফগানিস্তান দলের হয়ে। গেল বিপিএলে চিটাগাং কিংসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। সেসময়ই কথাবার্তা কিছুটা এগিয়ে রেখেছিল বিসিবি। এখন তা অনেকটাই চূড়ান্ত।