সন হিউং-মিন
দারুণ এক জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে দক্ষিণ কোরিয়া। ‘এ’ গ্রুপে থাকা দলটি বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) সকালে চেক প্রজাতন্ত্রকে হারায় ২-১ গোলে। এবারের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ ছিল এটি। মেক্সিকোর গুয়াদালহারায় অনুষ্ঠিত ম্যাচটিতে একপর্যায়ে পিছিয়ে পড়ে দক্ষিণ কোরিয়া। লাদিস্লাভ ক্রেইচি হেডে গোল করে এগিয়ে নেন চেক প্রজাতন্ত্রকে। পরবর্তী সময়ে ১৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল আদায় করে জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ কোরিয়া। হোয়াং ইন-বম সমতা ফেরানো গোল করেন। আর জয়সূচক গোল করেন ওহ হিউয়ান-গিউ, যিনি অধিনায়ক সন হিউং-মিনের বদলি হিসেবে নেমে বাজিমাত করেছেন।
জয় দিয়ে আসর শুরু করলেও দক্ষিণ কোরিয়া দলে অস্বস্তিও ভর করেছে। সেই অস্বস্তির নাম স্বয়ং অধিনায়ক সন হিউং-মিন। চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলছেন সন। কিন্তু এবারের প্রথম ম্যাচটি নিশ্চিতভাবেই ভুলে যেতে চাইবেন তিনি। ম্যাচটিতে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছেন এই উইঙ্গার। যে কারণে সমালোচকরা তীব্র সমালোচনায় বিঁধছেন তাকে। ওহ হিউয়ান-গিউয়ের জন্য সনের শুরুর একাদশের জায়গায় ছেড়ে দেওয়া উচিত বলেও মনে অনেকে।
৩৩ বছর বয়সী সন আসলে বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ। টটেনহ্যামের সাবেক এই তারকা গত বছর মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলেস এফসিতে যোগ দেন। কিন্তু বিশ্বকাপের আগে মৌসুমটা মোটেও ভালো কাটেনি তার। ১৩ ম্যাচে কোনো জালের দেখা পাননি এই তারকা। ফলে এমনিতেই কিছুটা চাপে ছিলেন। এর মধ্যে চেক প্রজাতন্ত্রের বিপক্ষের ম্যাচও খারাপ কাটল। ফলে চাপটা আরও বেশি করে জেঁকে বসল তার ওপর।
তবে কঠিন এ সময়ে কোচের থেকে সমর্থন পাচ্ছেন সন। দক্ষিণ কোরিয়া কোচ হং মিয়ুং-বো ম্যাচ শেষে বলেছেন, ‘সন আমাদের সেরা খেলোয়াড় এবং সে খুবই সুস্থির অধিনায়কও। আমরা বিশ্বাস করি, সন তার সর্বোচ্চ চেষ্টাই করেছে।’
গোলস্কোরিংয়ে শুধু সন নয়, পুরো দলেরই উন্নতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার কোচ। তার কথায়, ‘শুধু সে (সন) একা নয়; পুরো দলেরই ফিনিশিংয়ের উন্নতি করা প্রয়োজন।’
এদিকে এগিয়ে যাওয়ার পরও সেই লিড ধরে রাখতে পারেনি চেক প্রজাতন্ত্র। পর পর দুই গোল হজম করে ম্যাচ হেরেছে। দলটির কোচ মিরোস্লাভ কৌবেক কৃতিত্ব দিয়েছেন দক্ষিণ কোরিয়াকে। প্রতিপক্ষের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের প্রতিপক্ষ খুব গতিময় ছিল। শ্রেয়তর দলই জিতেছে।’
একই সঙ্গে সতীর্থদের পাশে দাঁড়াতেও তিনি ভোলেননি, ‘আমাদের লড়াই করতে হতো এবং আমরা সেটা করেছি। এখন আমাদের এগিয়ে যেতে হবে। শেষ ৩০ মিনিটে আমাদের আরও আক্রমণাত্মক এবং সৃষ্টিশীল হতে হবে। আক্রমণের ক্ষেত্রে আমাদের আরও উন্নতির সুযোগ আছে।’
নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্র। পরদিন স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে লড়বে দক্ষিণ কোরিয়া।