সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে খেলোয়াড়দের সঙ্গে রেফারির অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে গোয়াইনঘাট ও বিশ্বনাথ উপজেলার ১১ ফুটবলারকে সিলেট বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছে সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশন।
রবিবার (১ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে অ্যাসোসিয়েশনের অফিসে সভা করে ১১ ফুটবলারকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
১১ ফুটবলার হলেন- গোয়াইনঘাটের নাইম, বিপ্লব ও শরিফ, বিশ্বনাথের সামসুদ্দিন, তাসিম, জাকির, হাফিজুর, সোহাগ হোসেন অন্তর, রুমেল, মাহেদুর ও জগলু।
সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, সভায় গোয়াইনঘাট ও বিশ্বনাথের এই ১১ খেলোয়াড় সিলেট বিভাগের যেকোনো জেলা, উপজেলার মাঠে খেললে তাদের কোনো খেলা রেফারি পরিচালনা করবেন না বলে ঘোষণা দেওয়া হয় এবং চার বছরের জন্য এ নির্দেশনা বহাল থাকবে বলে জানানো হয়।
এছাড়া সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের রেফারিরা ওই ১১ ফুটবলারের ম্যাচ পরিচালনা করলে তাকে সংগঠনের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। এমনকি অভিযুক্ত রেফারির সনদও বাতিল হতে পারে।
সভায় লিখিত বক্তব্য পাঠ করেন সিলেট জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের জাতীয় রেফারি হোসাইন আহমদ হাছান।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সদস্যসচিব আব্দুল আজিম, সদস্য আনোয়ার হোসেন সাজু, আনোয়ার মিয়া, সিরাজুল ইসলাম তালুকদার, কাওছার আহমদ, আমিনুল হক লিটন, আবু সুফিয়ান চৌধুরী, আব্দুল মুমিন ডালিম, আব্দুর নূর, মইনূল ইসলাম, রাজু, ইমরান হোসেন চৌধুরী ইমন, আমিনুল ইসলাম আমিন, জাহেদ মাস্টার, কাওছার, হাবিব হাসান কাসেম, বদরুল, জিয়া ও লুকু প্রমুখ।
নাঈম/অমিয়/