বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির মাঝেই ভিন্ন রকম এক সন্ধ্যা কাটালেন লিওনেল মেসি। জাতীয় দলের সঙ্গে অনুশীলনের ব্যস্ত সূচি থেকে খানিকটা সময় বের করে বুয়েন্স এইরেসের লোলা মেমব্রিভেস থিয়েটারে হাজির হলেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরা।
মঞ্চে সেদিন চলছিল বন্ধু নিকো ভাসকেস অভিনীত নাটক রকি। নাটকের মাঝেই গ্যালারিতে মেসিকে দেখে দর্শকেরা বিস্মিত হয়ে ওঠেন। কেউ হাততালি দিয়ে, কেউ আবার দাঁড়িয়ে কিংবদন্তিকে জানালেন অভিবাদন।
নাটক শেষে ভাসকেসের আমন্ত্রণে মঞ্চে উঠে নিজের অনুভূতি প্রকাশ করলেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, ‘অসাধারণ অভিজ্ঞতা। সবাই দারুণ অভিনয় করেছে। আমার পরিবারের বেশিরভাগ সময় কাটে রোসারিওতে, তাই এভাবে একসঙ্গে বুয়েন্স এইরেসে থাকা বিশেষ কিছু।’ তিনি আরও বলেন, ‘আপনাদের সঙ্গে এই সন্ধ্যা উপভোগ করতে পারা আমার জন্য আনন্দের। সত্যিই স্মরণীয় এক রাত।’
মেসি ও নিকো ভাসকেসের বন্ধুত্ব অনেক দিনের। বিয়ের আসরে অতিথি হিসেবে ছিলেন ভাসকেস। আবার ২০১৬ সালেও এল ওত্রো লাদো দে লা কামা নাটক দেখতে অ্যাপোলো থিয়েটারে গিয়েছিলেন মেসি। এমনকি সে সময় সংক্ষিপ্ত অভিনয়েও অংশ নিয়েছিলেন আর্জেন্টিনার মহাতারকা।
আগামী শুক্রবার ভোরে বাছাইপর্বে ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। দেশের মাটিতে বাছাইপর্বের এটি মেসির শেষ ম্যাচ বলে আগেই জানিয়েছেন তিনি। তাই মনুমেন্তাল স্টেডিয়ামের গ্যালারিতে পরিবারকে চাইছেন মেসি, প্রতিশ্রুতি দিয়েছেন আবেগঘন এক সন্ধ্যা উপহার দেবেন সমর্থকদের।
চঞ্চল/নিলয়/