পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে ভারতের টি-টোয়েন্টি তারকা রিঙ্কু সিংয়ের কাছে। অভিযোগ উঠেছজে দাউদ ইব্রজাহিম চক্র পরিচয়ে এই হুমকি পেয়েছেন তিনি।
জানা গেছে, দাউদ ইব্রাহিমের ‘ডি কোম্পানি’ তাকে হুমকি দিয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।
ভারতীয় গণমাধ্যম ‘আজ তক’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের কাছ থেকে ৫ কোটি রুপি চাওয়া হয়েছিল, আর টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অভিযান চালিয়ে মোহাম্মদ দিলশাদ ও মোহাম্মদ নাভিদ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তারা নিজেদের ‘ডি কোম্পানি’র সদস্য বলে দাবি করেছে এবং রিঙ্কুকে সরাসরি হুমকি দেওয়ার সাথে যুক্ত বলে পুলিশের ধারণা।
রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিনবার রিঙ্কুর কাছে অর্থ দাবি করা হয়। তার ম্যানেজারকে ইমেইলের মাধ্যমে ভয় দেখানো হয়। হুমকির বিষয়টি জানার পর রিঙ্কু পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। জানা গেছে, দিলশাদ ও নাভিদকে ত্রিনিদাদ ও টোব্যাগো থেকে গ্রেফতার করে ভারতের মাটিতে আনা হয়েছে।
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী ও ন্যাশনাল কংগ্রেস পার্টির নেতা বাবা সিদ্দিকিকেও খুনের হুমকি দেওয়া হয়েছিল। তার কাছে ১০ কোটি টাকা চাওয়া হয়েছিল। পরে আততায়ীর হাতে নিহত হন তিনি। সেই ঘটনার পরে পুলিশে অভিযোগ করেন সিদ্দিকির পুত্র। দু’টি ঘটনার নেপথ্যে একই গোষ্ঠী রয়েছে বলে অনুমান পুলিশের।
এদিকে, সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতের স্কোয়াডে ছিলেন রিঙ্কু সিং। যদিও পুরো টুর্নামেন্টে মাঠে নামার সুযোগ পাননি, তবে ফাইনালে প্রথম একাদশে সুযোগ পেয়ে মাত্র একটি বল খেলে চারের মাধ্যমে ম্যাচটি জেতান তিনি।
নিলয়/