বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ডা: এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট ২০২৫’-এর লোগো উন্মোচন ও ড্র অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমী, স্থানীয় জনপ্রতিনিধি, আয়োজক কমিটির সদস্য ও খেলোয়াড়দের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম-৯ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক ডা: এ কে এম ফজলুল হক।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির চরিত্র গঠনের শক্তিশালী উপাদান। ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের গুণাবলি অর্জন করে। আমাদের সমাজে আজ যে মূল্যবোধের ঘাটতি দেখা যাচ্ছে, তা পূরণে ক্রীড়াঙ্গনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি এই টুর্নামেন্ট শুধু খেলোয়াড়দের নয়, এলাকার তরুণদের মধ্যেও ইতিবাচক পরিবর্তন আনবে। তরুণরা যেন মাদক ও অপরাধের পথ থেকে দূরে থেকে খেলাধুলায় মনোনিবেশ করে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্থানীয় ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এবারের আসরে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। ড্রয়ের মাধ্যমে খেলার সূচি নির্ধারণের পর কমিটির সদস্যরা জানান, আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে।
লোগো উন্মোচন শেষে ডা: ফজলুল হক খেলোয়াড়দের উদ্দেশে বলেন, “ফেয়ার প্লে বা সৎ খেলার মানসিকতা বজায় রেখে খেলবে সবাই। জয়-পরাজয় যাই হোক না কেন, খেলোয়াড় সুলভ মনোভাবই একজন ক্রীড়াবিদের প্রকৃত পরিচয়।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিবৃন্দ টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল দলের প্রতি শুভকামনা জানান।
এসএন/